রাজধানীতে গার্মেন্টস ও কাঁচাবাজারে আগুন
রাজধানীর পল্টনে সোমবার রাতে একটি তালাবদ্ধ গার্মেন্টস কারখানায় এবং প্রায় একই সময়ে মালিবাগ কাঁচাবাজারে আগুন লাগে।
দমকল বাহিনী সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা নাসরীন জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাতটার দিকে বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে একটি ভবনের পাঁচ তলায় ‘স্কয়ার গার্মেন্টসে’ আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর সদর দপ্তরের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে মালিবাগ কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে সদর দপ্তর ও খিলগাঁও ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমপক্ষে ২০টি দোকান পুড়ে গেছে। দমকল বাহিনী প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
