২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের স্বীকারোক্তি: চাঁদারবাজির ৩৫ লাখ টাকা নিয়েছেন তারেক

গিয়াসউদ্দিন আল মামুনের চাঁদাবাজির টাকার ভাগ নিয়েছিলেন তার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার তারেক রহমান। মামুনের দেওয়া এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তারেক রহমানকে ধানমন্ডি থানায় মীর জাহির হোসেনের দায়ের করা ৫৩ লাখ টাকা চাঁদাবাজির মামলায় আসামি দেখানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 07:34 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মামুন বলেন, ওই টাকা থেকে তারেক রহমান ৩৫ লাখ টাকা নিয়েছেন।

মামুন গত ১৯ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক কাজী মাইনুল ইসলাম সোমবার এ ব্যাপারে একই আদালতে প্রতিবেদন দেন।

কাজী মাইনুল ইসলাম আদালতে বলেন, “গত ১৯ এপ্রিল গিয়াসউদ্দিন আল মামুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৫৩ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে মামুন জানিয়েছেন, ৫৩ লাখ টাকার মধ্যে তারেক রহমান নিয়েছেন ৩৫ লাখ টাকা।’

মামুনের এই জবানবন্দির পরিপ্রেক্ষিতে তারকেকেও এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান তিনি।

আবেদনের শুনানির পর মহানগর হাকিম মীর আলী রেজা তারেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আকতার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেন গত ২ এপ্রিল ৫৩ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামুনসহ আটজনকে আসামি করে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। এ মামলায় তারেক রহমানের নাম ছিল না।

এক কোটি টাকা চাঁদাবজির অভিযোগে গুলশান থানার দ্রুত বিচার আইনের মামলাসহ এ পর্যন্ত ৪টি মামলায় তারেককে গ্রেফতার দেখানো হয়েছে।