২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহ উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগ গঠনের শুনানি

সাবেক সাংসদ সালাহ উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়েছে। সোমবার ঢাকার মহানগর হাকিম মো. আবদুস সালামের আদালতে এ শুনানি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 05:04 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

রাজাধানীর যাত্রাবাড়ি এলাকার সবজি ও ফলের বাজার ‘খাজা গরীবে নেওয়াজ’ এর মালিক দেলোয়ার হোসেন এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গত ১৪ ফেব্রুয়ারি দ্রুত বিচার আইনে যাত্রাবাড়ি থানায় এ মামলা করেন। ২৭ ফেব্রুয়ারি মামলার অভিযোগপত্র দেওয়া হয়।

সালাহ উদ্দিনের আইনজীবীরা সোমবার আদালতে এ মামলায় অভিযোগ গঠনের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে দরখাস্ত দেন এবং অভিযুক্তের অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানি শেষে হাকিম মো. আবদুস সালাম আগামী ১২ এপ্রিল এ মামলার অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ দেবেন বলে জানান।

মামলার অন্য আসামীরা হচ্ছেন জয়নাল আবেদীন, জামাল টুটুল, মিঠু, রজব আলী, মন্নু, মনির হোসেন, আলী, দিলু, আকতার, জুম্মন মেম্বার ও জাফর। এদের মধ্যে জয়নাল আবেদীন ও জুম্মন মেম্বার পলাতক আছেন।

রোববার একই আদালতে ঘাটের ইজারাদার ও ছাগলের আড়তদারের দায়ের করা দুটি চাঁদাবাজির মামলায় সালাহ উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।