ভোলায় কার্গোর মাচা ভেঙে শ্রমিক নিহত
ভোলা সদর উপজেলায় বৃহস্পতিবার রাতে মালবাহী কার্গোর মাচা ভেঙে এক শ্রমিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম মোহাম্মদ শফিক (৩৬)। তার বাড়ি চর ফ্যাশনের চর কলমি গ্রামে।
শ্রমিক সর্দার শাহাবুল বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে কয়েকশ’ শ্রমিক সুনামগঞ্জ যাওয়ার জন্য স্থানীয় ব্যবসায়ী শাহাবুদ্দিনের কার্গোতে ওঠেন। কার্গোর পাটাতনের ওপর মাচা তৈরি করে তাদের ঘুমানোর ব্যবস্থা করা হয়। পাথর আনার জন্য শুক্রবার কার্গোটির সুনামগঞ্জ যাওয়ার কথা ছিল।
রাতে অতিরিক্ত ওজনে মাচা ভেঙে পড়লে ২০ শ্রমিক আহত হন। গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোহাম্মদ শফিক মারা যান।
ভোলা থানার দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ মাহামুদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি।
