টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে বৃহস্পতিবার ভোরে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
টাঙ্গাইল থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল বাইপাস সড়কে গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের (বগুড়া-জ-১১-০১৬৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (চট্টগ্রাম-মেট্টো-ট-১১-০০৯৬) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।
নিহতরা হলেন গাইবান্ধার উত্তর রানীপুরের আবদুস ছালাম (৩৫) ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার খামার চালার গ্রামের মতিয়ার রহমান (২৫)। অপরজনের পরিচয় জানা যায়নি।
গুরুতর আহত ১৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
