বাণিজ্যিক কার্যালয়ে মোবাইল ফোনের স্টেশন বসানোর নির্দেশ
-বনানী, মহাখালী ও বারিধারা ডিওএইচএস এলাকায় আবাসিক বাড়ির পরিবর্তে বাণিজ্যিক কার্যালয় ও কমিউনিটি সেন্টার প্রভৃতির ছাদে মোবাইল ফোনের বিটিএস (বেজ ট্রান্সরিভার স্টেশন) বসানোর নির্দেশ দিয়েছে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ।
ছয়টি মোবাইল ফোন কোম্পানীর সঙ্গে এক বৈঠকে সেনানিবাস কর্তৃপক্ষ মঙ্গলবার এ নির্দেশ দেয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনানী ডিওএইচএস এলাকায় ছয়টি, মহাখালী ডিওএইচএসে সাতটি এবং বারিধারা ডিওএইচএসে চারটি বাড়ির ছাদে নিয়ম ভঙ্গ করে বিটিএস স্থাপন করা হয়। এ জন্য সেনানিবাস কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়নি।
এই বিটিএসগুলো প্রচলিত নিয়মের বাইরে উচ্চতার সীমা অতিক্রম করেছে। এগুলো সরানোর জন্য সেনানিবাস কর্তৃপক্ষ বারবার মোবাইল কোম্পানীগুলোকে নির্দেশ দিলেও তা মানা হয়নি।
তাছাড়া মোবাইল ফোন কোম্পানীগুলো সেবামুলক প্রতিষ্ঠান বলে নিয়ম লঙ্ঘন করে তৈরী করা বিটিএসগুলো অন্য জায়গায় সরানোর জন্য তিন মাসের সময় দেওয়া হয়েছিলো। নির্ধারিত সময়ের মধ্যে ওই বিটিএস না সরানোর কারণে কর্তৃপক্ষ আইন অনুযায়ী এগুলো অপসারণের উদ্যোগ নিয়েছে।
গত ১লা এপ্রিল রোববার থেকে রাজধানীর ওই তিনটি ডিওএইচএস এলাকায় বিভিন্ন মোবাইল ফোন সংস্থার ২৫টি বিটিএস বন্ধ করে দেওয়ায় এসব এলাকার গ্রাহকেরা মোবাইল ফোন নেটওয়ার্কের বাইরে চলে যায়।
