২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্ষোভ

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ানোর ফলে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে কৃষি ও পরিবহন খাতে। বিশেষ করে শুষ্ক বোরো মৌসুমে সেচনির্ভর কৃষি ব্যবস্থায় তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হবেন বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বাড়ার ফলে জীবনযাত্রায় আরও একদফা প্রভাব পড়বে বলে মনে করছেন সবাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। সোমবার থেকে তেলের নতুন দাম কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি সাত টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। এ ছাড়া অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে নয় টাকা। এ হিসাবে অকটেন ও পেট্রোলের লিটার প্রতি খুচরা বিক্রয় মূল্য হবে যথাক্রমে ৬৭ ও ৬৫ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, হঠাৎ করে তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চট্টগ্রামের সাধারণ পেট্রোল ও অকটেন ক্রেতারা।

তারা বলেছেন, এতে করে সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে যাবে।

“সকালে তেল নিতে এসে একদম বোকা বনে গেছি”-একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিপণন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, “এমনিতেই জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এখন তেলের দাম বাড়ায় আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের দুর্ভোগ আরও বাড়বে। শুধু তেলের কারণেই আমার মতো মোটর সাইকেল চালকের মাসিক খরচ বেড়ে যাবে সাতশ থেকে আটশ টাকা। যা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে।”

নগরীর গণি বেকারি মোড়ে অবস্থিত কিউসি পেট্রোল পাম্পে তেল নিতে আসা আবদুল আলীম নামে অপর একজন মোটর সাইকেল চালক এই বৃদ্ধিকে ‘মাত্রাতিরিক্ত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “হঠাৎ করে একসঙ্গে এতো টাকা বাড়ানোর ফলে আমাদের মতো ছোট বাহন চালকের উপর চাপ অনেক বেশি পড়বে।”

তিনি বলেন, গাড়ি ও বাড়ির মালিকদের হয়তো কোনো অসুবিধা হবে না, কেননা তাদের আয়েরতো শেষ নেই। কিন্তু সীমিত আয়ের মানুষদের জন্য জীবন যাত্রার ব্যয় নির্বাহ করা খুবই মুশকিল হয়ে যাবে। পথে ঘাটে মানুষের দুর্ভোগ আরো বাড়বে।”

“তেলের দাম যদি এই হারে বাড়তেই থাকে তবে তার প্রভাব শুধু গাড়ি ব্যবহারকারীর ওপর নয়, পুরো বাজার ব্যবস্থার ওপর পড়তে বাধ্য। বর্তমান বেতন কাঠামোতে পরিবারের সবাইকে নিয়ে টিকে থাকা আরও কষ্টকর হয়ে পড়বে,” বলে মনে করছেন তেল নিতে আসা ব্যবসায়ী এসএম মিজান। এখন গাড়ি সিএনজিতে রূপান্তর করা ছাড়া কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

নগরীর লাভ লেইন মোড়ে এপোলো-১১ পেট্রোল পাম্পে তেল নিতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহমুদুর রহমান সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে তিনি দাবি করেছেন, তেলের মূল্য যাতে সময়মতো আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করা হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে যাতে দেশেও কমানো হয় সেজন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

কিউসি পেট্রোল পাম্পের ম্যানেজার বলেছেন, তেলের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়তে আরও কয়েকদিন সময় লাগবে। ডিজেলের দাম সাত টাকা বেড়ে যাওয়াতে পরিবহন খাতে এর ব্যাপক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।

নগরীর কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, তিনদিন বন্ধের পর সোমবার যে রকম বিক্রির আশা করেছিলেন তেলের দাম বৃদ্ধির কারণে তা হয়নি বলে জানিয়েছেন পাম্পের ম্যানেজাররা।

নগরীর মধ্যে চলাচলকারী সিটি বাস, রাইডার ও রেঞ্জারে এবং নগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস কাউন্টারে এখনও টিকিটের দাম বাড়ানো হয়নি। একইভাবে চট্টগ্রাম বন্দরের ট্রাক মালিক ও কণ্ট্রাক্টর এসোসিয়েশনও এখন তাদের ভাড়া বাড়ায়নি। সকলেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন।

বিভিন্ন বাস মালিক সমিতির কর্মকর্তারা বলেছেন, তেলের দাম বাড়ানোর ফলে তারা বিষয়টি নিয়ে চিন্তিত। ভাড়া না বাড়ালে তাদের লোকসান গুণতে হবে। আর ভাড়া বাড়ালে তার প্রভাব সব জায়গায় পড়তে বাধ্য বলে তারা মন্তব্য করেন।

চট্টগ্রাম জেলা বাস মালিক পরিবহন সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, “হঠাৎ করে ডিজেলের এ মূল্য বৃদ্ধি মালিকদের কাছে অনেক বেশি মনে হয়েছে। এর প্রভাব আপনা-আপনিই পড়তে বাধ্য।”

তিনি জানান, জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ৫ এপ্রিল সভা আহবান করেছে। এ সভায় ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

হানিফ বাস সার্ভিসের ম্যানেজার মোহাম্মদ সাঈদ জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এর আগে তিন দফা তেলের দাম বাড়ানোর পর এক দফা ভাড়া বাড়ানো হয়েছিল। তবে এবার এক লাফে সাত টাকা দাম বাড়ানোতে ভাড়া বাড়ানো ছাড়া মালিকপক্ষের উপায় থাকবে না। তবে বর্তমান পরিস্থিতিতে মালিক সমিতি আলোচনার প্রেক্ষিতে কত বাড়ানো হবে তা ঠিক করবে।

বন্দর ট্রাক মালিক ও কণ্ট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী জানান, সরকার যা ভালো মনে হয় করেছে। কিন্তু এক লাফে এত টাকা তেলের দাম বেড়ে যাওয়ায় পণ্য সামগ্রীর পরিবহন ব্যয়ও বাড়তে বাধ্য। দেশে আমদানীকৃত ও রপ্তানীকৃত সকল পণ্যের ক্ষেত্রে এর প্রভাব পড়বে।

অপরদিকে, নগরীর বৃহত্তম কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারের পাইকারী ব্যবসায়ীরা তেলের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন। কত টাকা ভাড়া বাড়বে এই হিসাব করছেন তারা। পরিবহন ব্যয়ের কারণে কাঁচাবাজারে এর সরাসরি প্রভাব পড়বে।

তরি তরকারী ব্যবসায়ী জাহাঙ্গীর খান বলেন, ক্রেতাদের চাহিদার সাথে দামের সামঞ্জস্য কিভাবে বজায় রাখা হবে তা নিয়ে বড় চিন্তাই আছি।

নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে ও লোকজনের সঙ্গে কথা বলে খুলনা প্রতিনিধি জানান, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। মোটর সাইকেল, প্রাইভেট কার ও পরিবহন চালকসহ সবাই বলেছেন, গাড়ি আর রাস্তায় বের করা সম্ভব হবে না। গ্রামবাসীরা ৪০ টাকায় কেরোসিন কিনে চলবেন কিভাবে তাই নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন।

দক্ষিণবঙ্গ পরিবহন মালিক শ্রমিক পরিষদের সভাপতি সাবেক সাংসদ আবদুল গাফফার বিশ্বাস বলেছেন, “তেলের দাম বেড়ে যাওয়ার পর এখন পরিবহন ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছি আমরা। সরকারি সিদ্ধান্তের পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।”

মেঘনা পেট্রোলিয়াম খুলনার সহকারি মহা ব্যবস্থাপক আহম্মদ শহীদুল ইসলাম জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে সারাদেশের মতো খুলনাতেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। কোথাও তেলের কোনো সংকট নেই।

খুলনা উন্নয়ন সংগ্রাম সমবায় কমিটির মজাসচিব শেখ আশরাফ উজ জামান জানান, তেলের দাম বাড়ায় কৃষকের উৎপাদিত পণ্যের দাম বাড়বে, বাড়বে পরিবহন খরচও। সব মিলিয়ে ভোক্তাদের অনেক বেশি দাম পণ্য কিনতে হবে। কিন্তু সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতা বাড়েনি। ফলে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটের মুখোমুখি হবে।

সিলেট প্রতিনিধি জানান, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সিলেটের পেট্রোল পাম্প মালিক ও সাধারণ মানুষদের মধ্যে হতাশা নেমে এসেছে। অনেকে এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সিলেট নগরীর পেট্রোল পাম্পগুলোতে গিয়ে অন্যান্যদিনের মতো দীর্ঘ লাইন চোখে পড়েনি।

এ ব্যাপারে সিলেট পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, সপ্তাহ খানেক পরে এর প্রভাব পড়বে। বার বার তেলের মূল্য বাড়ানোর ফলে আমাদের অবস্থা খুবই খারাপ। ব্যবসা করাটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে নগরীর মিরা বাজারের বিরতি ফিলিং স্টেশনের হিসাব রক্ষক মুরছালিন জানান, ক্রেতা কমেনি, তেল নেওয়ার পরিমাণ কমেছে।

সিলেট নগরীর চৌহাট্টা বাসস্ট্যান্ডের মাইক্রো চালক মজিদ মিয়া বলেন, সুনামগঞ্জ যাওয়ার কথা ছিল। হঠাৎ করে তেলের দাম বাড়ায় ভাড়া নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে। কলেজ ছাত্র টিপু তার মোটর সাইকেলে ১ লিটার তেল নিতে গিয়ে আর্থিক সমস্যায় পড়েছেন বলে জানান।

সিলেট-সালুটিকর বাস মালিক সমিতির ব্যবস্থাপক এইচ এ মালিক ইমন বলেন, তেলের দাম বাড়ায় ভাড়াও বাড়াতে হবে। তবে এখনও তা বাড়ানো হয়নি। কোন কোন রুটে তেলের দামের দোহাই দিয়ে ভাড়া বাড়ানো নিয়ে সাধারণ মানুষদের সঙ্গে ঝগড়া করতে হচ্ছে বলে কুমারগাঁও স্ট্যান্ডের একজন হেলপার জানান।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ডিজেলের দাম আরেক দফা বাড়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। লিটার প্রতি ডিজেলের দাম ৭ টাকা বেড়ে যাওয়ায় কৃষিকাজের জন্য প্রয়োজনীয় ডিজেল কিনতে কৃষকদের এখন বাড়তি খরচ করতে হবে। শুধু কুড়িগ্রাম জেলার কৃষকদেরই চলতি বোরো মৌসুমে অতিরিক্ত ব্যয় হবে দুই কোটি আট লাখ টাকারও বেশি।

নাগেশ্বরীর কেদার এলাকায় কৃষক শফিকুল ইসলাম (৩৫) জানান, এমনিতেই মৌসুমের শুরুতে বীজ ও সারের সংকটের পাশাপাশি ডিজেল নিয়ে বিড়ম্বনায় পড়েন তারা। এখন বোরো মৌসুমের মাঝামাঝি এসে ডিজেলের দাম বাড়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। দিনের পর দিন ডিলারের ঘরে ধরনা দিয়ে রেশনিং পদ্ধতিতে এসব সংগ্রহ করতে হয়। এখন সংকট কিছুটা কাটতে না কাটতেই ডিজেলের দাম বেড়ে নতুন করে সংকট দেখা দিয়েছে।

কাঁঠালবাড়ীর শিবরাম গ্রামের আবদুস সামাদ জানান, তার দেড় একর জমিতে এ পর্যন্ত ৮০ লিটার ডিজেল এবং ৫ লিটার মবিল লেগেছে। ধান তুলতে আরও ৫০ লিটার ডিজেল ও ৩ লিটার মবিল প্রয়োজন। শুধু ডিজেলেই তার অতিরিক্ত খরচ হবে সাড়ে তিনশ টাকা।

একই গ্রামের ইউসুফ আলী (৪৮) হতাশার সুরে বলেন, এবার তার খরচই উঠবে না। আগে জানলে ধান চাষই করতেন না।

কুড়িগ্রাম জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় চলতি বোরো মৌসুমে ৭৪ হাজার ২৪২ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৮৬ হাজার ১৯০ হেক্টর জমিতে। বর্তমানে শতকরা ৩৫ ভাগ ক্ষেতে আখ চাষ করাসহ ৫০ ভাগ ও ১৫ ভাগ ক্ষেতে অন্যান্য ফসল আবাদ করা হয়েছে।

বৈদ্যুতিক সেচ পাম্প বাদ দিলে জেলার ২৯ হাজার ৯৫০ টি সেচ যন্ত্রই ডিজেল চালিত। এদের মধ্যে লো লিফট পাম্প ১৩৭ টি, শ্যালো ২৭ হাজার ৬২৭ টি, ডিপ টিউবওয়েল ৪৬ টি ও অন্যান্য ২ হাজার ১৪০টি সেচযন্ত্র। এসব ডিজেল চালিত সেচ পাম্পের আওতায় বোরো ক্ষেতের পরিমাণ ৬৯ হাজার ৩৫৬ হেক্টর। কৃষিবিদরা বলছেন, হেক্টর প্রতি কৃষকের গড়ে ৩০০ টাকা অতিরিক্ত খরচ হবে।

কৃষি বিভাগের উপ পরিচালক মোহসীন আলী জানান, হেক্টর প্রতি বোরো আবাদে ১৫০ লিটার ডিজেলের প্রয়োজন হয়। তবে এখন তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষকদের আরো কি পরিমাণ ডিজেল লাগবে তা তিনি জানাতে পারেননি।

রাজশাহী প্রতিনিধি জানান, খরা মৌসুমে ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা। খুব কম সময়ের মধ্যেই পরিবহনের ভাড়াও বেড়ে যাবে। কেরোসিনের দাম বাড়ায় স্বল্প আয়ের লোকজন বাড়তি ভোগান্তির মধ্যে পড়বে বলে মনে করছেন তারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, লোকজন যানবাহনের জন্য ডিজেল কিনলেও রাজশাহী জেলার কৃষি এলাকায় অপেক্ষাকৃত কম ডিজেল বিক্রি হয়েছে। ডিজেল বিক্রি হয়েছে ৪০.৩৫ টাকায় এবং কেরোসিন বিক্রি হয়েছে ৪১ থেকে ৪২ টাকায়।

স্থানীয় ব্যবসায়ী নেতা মোশারফ হোসেন আখুঞ্জি বলেন, খরা মৌসুমে কৃষকরা এমনিতেই ডিজেল কিনতে হিমশিম খায়। এই সময়ে ডিজেলের দাম বৃদ্ধি কৃষিজীবিদের সমস্যায় ফেলে দেবে।

বাঘা উপজেলার আড়ানী এলাকার কৃষক বাবলু রহমান জানান, একদিকে সার, কীটনাশক কিনতেই কৃষকরা হিমসিম খাচ্ছে, তার ওপর ডিজেলের দাম প্রতি লিটারে সাত টাকা বেড়ে যাওয়ায় তা মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠবে।

শাহ মখদুম এন্টারপ্রাইজ নামে বাসের মালিক তোজাম্মেল হক জানান, পরিবহন খাতে লোকাল গাড়ির ভাড়া তোলাই কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় ভাড়া না বাড়ালে ক্ষতিগ্রস্ত হবেন মালিকরা। অপরপক্ষে ভাড়া বাড়ালে সমস্যায় পড়বে স্বল্প আয়ের লোকজন।

রাজশাহী নগরীর শালবাগান এলাকার গৃহিনী রাহেলা বেগম জানান, গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার পর থেকে কেরোসিন দিয়ে রান্না করতেন। এখন কেরোসিনের দামও বাড়লো। এ অবস্থায় সাধারণ লোকজনের অসহায় জীবন কাটানো ছাড়া কোনো উপায় নেই।

ব্যবসায়ী ইকবালুল বাশার খান জানান, কেরোসিন দিয়ে যারা রান্না করেন তাদের সংকট বাড়লো। তা ছাড়া গ্রামে যেখানে বিদ্যুৎ নেই সেখানকার লোকজনের বেশী দামে কেরোসিন কেনা অনেকটাই কষ্টকর।