জরুরি অবস্থায় আটকাদেশের বৈধতা প্রশ্নে মঙ্গলবার রায়
জরুরি অবস্থা চলাকালে দেওয়া আটকাদেশকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আবেদনের শুনানি সোমবার শেষ হয়েছে।
আজ (সোমবার) প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে সাত বিচারকের আপিল বিভাগ মঙ্গলবার রায়প্রদানের ঘোষণা দেন।
সেইসঙ্গে আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাসহ ৫৩ জনের আটকাদেশ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করেছেন আদালত।
সোমবারের শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার নাজমুল হুদা, সালমান এফ রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, “জরুরি অবস্থা চলাকালেও আটকাদেশের বৈধতা নিয়ে দায়ের করা মামলার শুনানি ও রায় দেওয়ার এখতিয়ার হাইকোর্টের রয়েছে।” তিনি এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের উচ্চ আদালতের বিভিন্ন নজির উপস্থাপন করেন।
ব্যারিস্টার আমীর উল ইসলাম আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের পক্ষে শুনানিতে বলেন, “দেশে আইনের শাসন রয়েছে কিনা তা দেখার এখতিয়ার উচ্চ আদালতের রয়েছে।”
শুনানিতে অন্যান্যের মধ্যে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট ইনায়েতুর রহিম, নিজামুল হক নাসিম।
প্রসঙ্গত, জরুরি অবস্থা ঘোষণার দিন ১১ জানুয়ারি কামাল আহমেদ মজুমদার, ওয়ার্ড কমিশনার কাইয়ুম খান, প্রশিকার উপ পরিচালক আবুল কাশেম ও এডাবের পরিচালক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে আটকাদেশ দেওয়া হয়।
হাইকোর্ট গত ২৬ ফেব্রুয়ারি তাদের আটকাদেশ অবৈধ ঘোষণা করেন। ২৮ মার্চ আপিল বিভাগ হাইকোর্টের রায় ৫ মার্চ পর্যন্ত স্থগিত করে। পরে বিভিন্ন সময় এর মেয়াদ বাড়ানো হয়।
অন্যদিকে বিএনপি ও আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মীকে পরে গ্রেপ্তার করে আটকাদেশ দেওয়া হয়। হাইকোর্ট সেসব আটকাদেশ একে একে অবৈধ ঘোষণা করলে সরকার এর বিরুদ্ধে আবেদন করে।
