২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ফয়জীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে রাষ্ট্রপতির নির্দেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে ও ফল জানানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। রাষ্ট্রপতির নির্দেশে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শিগগিরই কাজ শুরু করছে বলে উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 12:05 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বিষয়টি নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেছেন, “সুপ্রিম কোর্টে আমাদের ক্লিয়ারেন্স চলে গেছে। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করতে কোনো অসুবিধা নাই। মাননীয় চীফ জাস্টিস এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে ব্যবস্থা নেবেন। এই ফাইলও আমি ক্লিয়ার করে দিয়েছি যে, প্রেসিডেন্ট চাচ্ছেন এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হোক। এ ব্যাপারটি সুপ্রিম কোর্ট কে জানিয়ে দেওয়া হয়েছে প্রক্রিয়াটি এখনই শুরু হয়ে যাবে।”

সনদ জালিয়াতির অভিযোগ তদন্তে রাষ্ট্রপতির নির্দেশের চিঠি মঙ্গলবার বিকালে আইন মন্ত্রনালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে এসে পৌঁছে। এখন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের দুই জ্যেষ্ঠ বিচারক বিষয়টি তদন্ত করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেবেন। রাষ্ট্রপতি  সেই প্রতিবেদনের ভিত্তিতে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সংবিধান অনুযায়ী এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য হবেন প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন, বিচারপতি মোঃ ফজলুল করিম, বিচারপতি এম এম রুহুল আমিন।

সুপ্রিম কোর্ট  সূত্রে জানা গেছে, বিচারপতি ফয়জীর বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের চিঠিটি আইন মন্ত্রণালয় থেকে বিশেষ বার্তা বাহক মারফত বিকাল চারটায় সুপ্রিম কোর্টে পৌছে। চিঠিটি পৌঁছানোর পরপরই আপিল বিভাগের বিচারকদের  নিয়ে বৈঠকে মিলিত হন বলে জানা গেছে। এতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কর্মপদ্ধতি বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার কাউন্সিল প্রথম বৈঠক হওয়ার কথা বলে সূত্রটি দাবি করে।

অবশ্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতির চিঠি আসার বিষয়টি অস্বীকার করে বলেছেন, তিনি এ বিষয়ে কোন চিঠি পাননি। তবে তিনি বলেছেন যে, সাংবিধানিক বিষয় বলে ওই চিঠি প্রধান বিচারপতির কাছে সরাসরি পাঠানো হতে পারে। তিনি আরও বলেন, বিচারপতি ফয়জীর ছুটির মেয়াদ রোববার শেষ হলেও তিনি নতুন করে ছুটি বাড়ানোর কোন আবেদন জানাননি।

বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর সনদ জালিয়াতির অভিযোগ উঠে ২০০৪ সালের অক্টোবরে। তখন বিষয়টি নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি উঠলেও তৎকালীন প্রধান বিচারপতি উদ্যোগ না নেওয়ায় বিষয়টি অমীমাংসিতই থেকে যায়।

বিচারপতি ফয়জী প্রসঙ্গে প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন গত ১০ মার্চ রাষ্ট্রপতি বরাবরে এক চিঠিতে সুপ্রিম কোর্টের সম্মান রক্ষার্থে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এর পর রাষ্ট্রপতি বিচারপতি ফয়জীর বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের নির্দেশ দেন বলে সূত্র জানায়।

গত ৩ মার্চ জালিয়াতির দায়ে বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিল করে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিণ্ডিকেট। ৪ মার্চ বিষয়টি প্রকাশিত হওয়ার পর তিনি ছুটিতে বলে যান। ২৫ মার্চ তার ছুটি শেষ হয়।

এদিকে সনদ বাতিলের বিষয়টি প্রকাশ হওয়ার পর বিচারপতি ফয়জী ৪ মার্চ থেকে তিন দফায় নেওয়া ছুটি গত রোববার শেষ হয়ে গেলেও তিনি নতুন করে কোন ছুটির আবেদন জানাননি। গত ১৯ মার্চ বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিলের সিদ্ধাšত স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। এরপর গত বুধবার তিনি প্রধান বিচারপতিকে একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানালেও তাকে কোন বেঞ্চ বরাদ্দ দেওয়া হয়নি।