২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য পরিশোধন প্ল্যান্ট চালু না করলে কারখানা বন্ধ

বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) থাকার পরও ১৭৪টি শিল্প কারখানায় সেগুলো চালু করা হচ্ছে না। এতে ক্ষতির মুখে পড়ছে পরিবেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 07:34 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

অবিলম্বে এসব প্ল্যান্ট চালু না করলে সরকার যৌথবাহিনীর সহায়তায় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেবে।

কৃষি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিম রোববার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। পরিবেশ ও বন সচিব এসএম জহরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা শিল্প-কারখানার বর্জ্যরে কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করেন।

পরিবেশ উপদেষ্টা পরে সাংবাদিকদের বলেন, সারাদেশে বর্তমানে ৪৭৮টি শিল্প--প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট নেই। অন্যদিকে, প্ল্যান্ট রয়েছে এমন ১৭৪টি শিল্প-কারখানা বেশি লাভের আশায় প্ল্যান্টগুলো চালু করছে না। ফলে পরিবেশ রক্ষা কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে সাভারে চারটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

উপদেষ্টা জানান, নতুন প্রতিষ্ঠান স্থাপনের আগে পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নিতে হবে। ছাড়পত্র পাওয়ার পরই কেবল কর্তৃপক্ষ নির্মাণ কাজে হাত দিতে পারবে। নির্মাণ কাজ শেষে আবারো অধিদপ্তরের অনুমতি নিয়ে শিল্প-কারখানা চালু করতে হবে। তবে পূরনো শিল্প কারখানার ক্ষেত্রে এ বিধান শিথিল করা হতে পারে।