২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

মদ্যপ অবস্থায় মারধর করে অভিযুক্তের পায়ের গোড়ালি ভেঙে ফেলার অভিযোগে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মমিনুল আহসান মনি ও সাব ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 06:20 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

হত্যা প্রচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগে রোববার এ মামলাটি করেন মিরপুর এর বিকাশ কর্মকার।

মামলায় বলা হয়েছে বাদি পেশায় একজন কামার। তার স্থায়ী বাড়ি কিশোরগঞ্জ জেলায়। মিরপুর--২ নম্বরের বড় বাগে পরিবার পরিজন নিয়ে বাসা ভাড়া করে কামারের কাজ করে সংসার চালাতেন। গত ৫ মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মত তার বাসা সংলগ্ন দোকানে কাজ করছিলেন।

এসময় দারোগা শফিকুল ইসলাম বাদির কর্মস্থলে এসে বলে “চল তোমাকে থানায় যেতে হবে।” তার কথায় সরল বিশ্বাসে বাদি মিরপুর থানায় যাওয়া মাত্রই ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিন আহসান দারোগাকে বলে “শালাকে পাইছ? লাথি মেরে লকাপে ঢুকাও।”

এ কথায় বাদি থানা হাজতে ভীষণ ভীত হয়ে পড়ে। পরে রাত ১২টা সাড়ে ১২টার দিকে ওসি মমিন একটি মোটা লাঠি নিয়ে থানা হাজতে এসে বাদিকে ডেকে তুলে এবং হিংস্র সুরে বলেন, “আয় তোরে কিছু শিক্ষা দেই, আমার এলাকায় ব্যবসা করিস তো আমাকে ঠিকমতো টাকা পয়সা দিস না কেন?”

এর পর পরই ওসি মমিন বাদি লাঠি দিয়ে বাদিকে আরও মারতে তাকে। আধ ঘন্টা ধরে প্রহারে বাদির ডানপায়ের গোড়ালি ভেঙে যায়।

গত ৮ মার্চে বাদি ওই মামলায় জামিন পান। জামিন নিয়েই তিনি ১৪ মার্চে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন ও পরে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা উন্নত চিকিৎসা গ্রহণ করেন বর্তমানেও এখান থেকে চিকিৎসা নিচ্ছেন।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট একে এম আবদুল্লাহ হেল বাকী গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কে ঘটনাটি তদন্ত করে আদালতে রিপোর্ট দাখিল করতে আদেশ দেন।

বাদির পক্ষে মামলা পরিচালনা করেন ‘বি আর সি টি’ এর পক্ষে এ্যাডভোকেট নাজমুল শাহ চৌধুরী রুবেল এবং শাহানুর ইসলাম সৈকত।