স্বাধীনতার ৩৬ বছর
আগামীকাল ২৬ মার্চ--স্বাধীনতা দিবস। এক এক করে ৩৬ বছর পুরো হলো বাংলাদেশের। ১৯৭১ সালের এই দিনে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শপথ নিয়েছিল পুরো জাতি ।
বহু বছরের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য ও লাঞ্ছনা---বঞ্চনার কারণে ধীরে ধীরে সুসংহত হয়ে গড়ে ওঠে বাঙালি চেতনা। আর এরই পথ ধরে ১৯৭০ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
কিন্তু পাকিস্তানের সামরিক জান্তা পূর্ব পাকিস্তানের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, শুরু হয় ঘোর ষড়যন্ত্র। সংখ্যাগরিষ্ঠদের সরকার গঠন ঠেকাতে উদ্যোগ নেয় স্বৈরাচারী সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি জাতি তখন ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার অর্জনের পথে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই স্বাধীনতার আকাঙ্খাকে ধুলিসাৎ করার উদ্দেশ্যে হানাদার বাহিনী মেতে উঠে বাঙালি নিধন যজ্ঞে।
ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হত্যাযজ্ঞটি সংঘটিত হয় ১৯৭১ সালের ২৫ মার্চ। সেই ভয়াল কালো রাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে এক অভিযান শুরু করে পূর্ব পাকিস্তানের নিরীহ, নিরস্ত্র, নিরপরাধ মানুষের ওপর। রাতের আঁধারে তারা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে, হত্যা করে কয়েক শ মানুষকে। অতর্কিত এই হামলায় হতবাক হয়ে যায় সমগ্র বিশ্ববাসী।
তবে বাঙালি জাতি আকস্মিক এই হত্যাযজ্ঞে কিংকর্তব্যবিমূঢ় হয়ে থাকেনি।
বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের লাখ লাখ শান্তি প্রিয় বাঙালি স্বাধীনতা ও মুক্তি অর্জনের লক্ষ্যে তখন হাতে অস্ত্র তুলে নেয় দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর সেইসঙ্গে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের নতুন একটি দেশ স্থান করে নেয়।
১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেনি বাঙালি জাতি। পরাজিত করে রাজাকার, আলবদর, শান্তিবাহিনী নামের বিভিন্ন পাকিস্তানি দোসরদেরও।
তাই ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার গুরুত্ব মুক্তিযুদ্ধের পর ৩৫টি বছর পেরিয়ে গেলেও এতোটুকু ম্লান হয়নি। প্রতিটি বাঙালির হৃদয়েই গেঁথে আছে স্মরণীয় এ দিনটি। জাতি প্রতি বছরই শ্রদ্ধাভরে স্মরণ করে, এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতির সংগঠন।
