২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে হঠাৎ দমকেরগাঁও গ্রামে দুই উপদেষ্টা

কৃষি উপদেষ্টা সিএস করিম ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী শুক্রবার রাতে আকস্মিকভাবে চাঁদপুরের দমকেরগাঁও সেচ প্রকল্প পরিদর্শন করেছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 04:37 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

উপদেষ্টারা সড়কপথে রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার দমকেরগাঁও গ্রামে আসেন। তারা সেখানে একটি চায়ের দোকানে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা জানতে চান। পরে উপদেষ্টারা কয়েকটি এলাকায় ফসলের জমিতে নেমে সেচের অবস্থা পর্যবেক্ষণ করেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, উপদেষ্টারা কৃষক ও এলাকাবাসীর কাছে ওই এলাকার বিদ্যুৎ, সেচ পাম্প, সার, ডিজেলসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ ও উপাদানের সরবরাহ সম্পর্কে জানতে চান।

উপদেষ্টাদের হঠাৎ আগমন এবং সমস্যার কথা জানতে চাওয়ায় কৃষকদের মাঝে উৎফুল্লতা দেখা যায়।

স্থানীয় কৃষক কাজী জসিম (৩০) বলেন, ‘আমাদের দুঃখের কথা এভাবে জানতে আগে কেউ আসেনি। তারা এলেন এটা আমাদের ভাগ্য।’

এদিকে উপদেষ্টাদের আসার খবর পেয়ে জেলা প্রশাসক এসএম মনিরুল ইসলাম, পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন।   

প্রসঙ্গত, ১৪ মার্চ একটি বেসরকারি টেলিভিশনে দমকেরগাঁও সেচ প্রকল্পের ওপর প্রতিবেদন প্রচারিত হয়। এরপর ওই এলাকায় কৃষকদের সমস্যা নিয়ে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের খোঁজ-খবর নেওয়া শুরু হয়।