২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ এখন অনেক স্বাধীন: আইজিপি

আগের চেয়ে পুলিশ এখন অনেক সঠিক, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করছে। তবে দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্যের ইচ্ছাকৃত ভুল--ত্র“টি ধরা পড়লে তাকে হয় জেলে যেতে হবে, নয়তো চাকরি হারাতে হবে। বিভাগীয় শাস্তি তাকে ভোগ করতেই হবে। এক্ষেত্রে কোনরকম করুণা দেখানো হবে না।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) নুর মুহাম্মদ মঙ্গলবার হবিগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, দুর্নীতিবাজসহ সমাজের বড় বড় অপরাধীদের ধরা হচ্ছে, ছোট অপরাধীরাও ধরা পড়বে।

আইজিপি আরও বলেন, “নীরব থাকার সময় শেষ হয়ে গেছে। এখন সবাইকে মুখ খুলতে হবে। পুলিশ জনগণের বন্ধু, সেটা আর শ্লোগানে নয়, কাজে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি বলেন, এখন পুলিশ যা করতে পারছে, রাজনৈতিক সরকারের সময় তা কখনোই করতে পারতো না।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকরের আগে ও পরে দেশের আইন--শৃঙ্খলা যাতে নষ্ট না হয় সেদিকে পুলিশ নজর রাখছে। কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে জেএমবি আর সন্ত্রাস করতে না পারে।

তিনি বলেন, “জেএমবি এখন আতংকের বিষয় নয়। বিচ্ছিন্নভাবে কিছু করতে চাইলে তাও নস্যাৎ করে দেওয়া হবে।”

তিনি বলেন, “আগে আমরা রাজনৈতিক সরকারের কাছ থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি। সে কারণে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে বারবারই বাধাগ্রস্ত হয়েছে। এখন সেইসময় আমরা পেরিয়ে এসেছি।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি সৈয়দ শাহ জামাল রাজ, পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম, পিপি অ্যাডভোকেট দেওয়ান মসউদ চৌধুরী, চেম্বার সভাপতি তুকাম্মল হোসেন, মার্চেন্ট সভাপতি হাজী রইছ মিয়া, আইনজীবী সমিতির সভাপতি মোফাজ্জল করিম, নারী নেত্রী জাহান আরা আফছর, ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান খালেদা জুয়েল।

এর আগে আইজিপি স্থানীয় পুলিশ লাইনে জেলার কর্মরত সব পুলিশ কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।