২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ লেনদেনের সময় রাজশাহীতে পুলিশের ২ এসআই আটক

ঘুষ লেনদেনের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই এসআইকে বুধবার বিকেলে আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

থানার ভেতরে ঘুষ নেওয়ার সময় বোয়ালিয়া থানার এসআই মুদাচ্ছের ও মধ্যস্ততাকারী শাহ মখদুম থানার এসআই সোহেলকে হাতেনাতে ধরে ফেলেন র‌্যাব সদস্যরা। এ সময় মুদাচ্ছেরের ডেস্কের ড্রয়ার থেকে ঘুষের ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে বোয়ালিয়া থানার এসআই মুদাচ্ছের রাজশাহী বাস টার্মিনাল থেকে পাসপোর্ট ও সৌদি রিয়ালসহ নূরুল ইসলাম নামে একজনকে আটক করেন। তাকে আদালতে না পাঠিয়ে থানা হাজতে রাখা হয়।

মহানগরীর শাহ মখদুম থানার এসআই সোহেল তাকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করেন। শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় আপস রফা হয়।

বুধবার বিকেলে এসআই সোহেল ও নূরুল ইসলামের লোকজন টাকা এনে এসআই মুদাচ্ছেরকে দেন। খবর পেয়ে র‌্যাব সদস্যরা হাতেনাতে মুদাচ্ছেরকে ধরে ফেলেন।

ঘুষ লেনদেনে মধ্যস্থতা করার অভিযোগে এসআই সোহেলকেও আটক করা হয়। দুজনকে র‌্যাব--৫ সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার জয়দেব বাবু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।