২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে শিগগির আর্থিক গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্ন্তজাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কৌশল প্রতিবেদন ২০০৭ এ দেশি ও বিদেশি আর্থিক লেনদেন তদন্ত করতে বিশেষ আর্থিক গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশকে। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

পুরো প্রতিবেদনের বাংলাদেশ অংশটুকু হুবহু ইংরেজি থেকে অনুবাদ করে তুলে দেওয়া হলো।

বাংলাদেশ কোনো আঞ্চলিক কিংবা দূর সমুদ্রবর্তী গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র নয়।

দেশটির প্রচলিত ব্যাংকিং পদ্ধতিতে মুদ্রা পাচারের ঘটনার প্রমাণ থাকলেও বড় ধরনের মুদ্রা পাচারের ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রা লেনদেনের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের বাইরে মুদ্রা লেনদেন অবৈধ। মুদ্রা পাচারের প্রধান পদ্ধতিটি হচ্ছে হুণ্ডির মাধ্যমে লেনদেন, যা প্রচলিত ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে কার্যকর। প্রবাসী বাংলাদেশী জনশক্তির পারিশ্রমিকের আদান-প্রদানের সময় বেশিরভাগ ক্ষেত্রে হুণ্ডির মাধ্যমে লেনদেন হয়।

কেন্দ্রীয় ব্যাংক ২০০২ সাল থেকে প্রচলিত ব্যাংকিং পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা আসার হার বাড়ার কথা উল্লেখ করেছে। ২০০৬ অর্থবছরে এর পরিমাণ ছিল ৪০৩ কোটি ডলার, যা ওই বছরেই ওই খাতে বাড়ে ২০০ কোটি টাকারও বেশি। এর মূল কারণ হল, সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে কম সময়ে সেবা প্রদান বিষয়ক প্রতিযোগিতা এবং বিভিন্ন মূল্য সংযোজিত সেবা প্রদান, যেমন দলীয় জীবন বীমা। বিভিন্ন ধরনের শুল্ক ও মুদ্রা নিয়ন্ত্রণ ফাঁকি দেওয়ার সুবিধা থাকায় হুণ্ডি ব্যবস্থা হয়তো পুরোপুরি বন্ধ করা যাবে না। কারণ, এ পদ্ধতি ব্যবহৃত হয় কর, শুল্ক ও মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ফাঁকি দেওয়ার জন্য। প্রচলিত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় মুদ্রা টাকা অপরিবর্তনীয় হওয়া ছাড়াও বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে নিয়মনীতির কারণে কালোবাজারে টাকার লেনদেন এবং হুণ্ডির জনপ্রিয়তা অনেক বেশি।

বাংলাদেশে প্রধানত মালামাল কেনাবেচা অথবা লেনদেন হুণ্ডির মাধ্যমে হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত বাণিজ্যিকভাবে মুদ্রা পাচার ও চোরাচালান পণ্যের কেনাবেচার অংশ হিসেবে হুণ্ডি পদ্ধতি ব্যবহার করা হয়। বছরে প্রায় ১০০ কোটি টাকার পণ্য ভারত থেকে বাংলাদেশে চোরাচালান হয়। তুলনামূলকভাবে কম টাকার পণ্য বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে থাকে। এছাড়া নগদ মুদ্রার লেনদেন এবং অন্যান্য সম্পত্তির আদান--প্রদান চোরাচালান চক্রকে সক্রিয় রাখতে সহযোগিতা করছে।

বাংলাদেশের জন্য দুর্নীতি একটি বড় মাথাব্যাথার কারণ। গত পাঁচ বছরে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) তালিকায় দুর্নীতিতে শীর্ষ স্থানে ছিল। ২০০৬ সালে বাংলাদেশ বিশ্বের ১৬৩ দেশের মধ্যে ১৫৬ তম হয়েছে।

গ্রাহকদের জানার জন্য ২০০৪ সাল হতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। বাংলাদেশে জাতীয় কোন পরিচয়পত্র নেই এবং অনেক বাংলাদেশীর পাসপোর্ট নেই। ফলে গ্রাহক সনাক্তকরণে অনেক সমস্যা হয়। ব্যাংকিং সেক্টরে বেশীর ভাগ তথ্য রক্ষণাবেক্ষণ করা হয় সামান্য প্রযুক্তি ব্যবহার করে। যদিও এই প্রক্রিয়া ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে,বিশেষ করে প্রধান কার্যালয়গুলোতে। হিসাবরক্ষণে বাংলাদেশ ব্যাংক(কেন্দ্রীয় ব্যাংক)যে পদ্ধতি অনুসরণ করছে তা এখনও আন্তর্জাতিক মান অর্জন করতে করতে পারেনি।

২০০৪ সালে বাংলাদেশ ব্যাংক “মুদ্রাপাচার প্রতিরোধে নির্দেশিকা” প্রকাশ করে এবং ব্যাংকগুলোর বার্ষিক পর্যবেক্ষণ প্রক্রিয়ায় মুদ্রাপাচার প্রতিরোধকে মৌলিক বিষয় হিসেবে গণ্য করে। ব্যাংকগুলোর উচিত তাদের প্রধান কার্যালয়ে একটি মূদ্রাপাচার প্রতিরোধ শাখা গঠন করা এবং ব্যাংকের অন্যান্য শাখায় একজন মুদ্রা পাচার প্রতিরোধ কর্মকর্তা রাখা। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশ সহকারে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ২০০৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক তার সকল মূদ্রা পাচার প্রতিরোধ কর্মকর্তাকে ঢাকায় নিয়ে আসে এবং তাদের বিভিন্ন সমস্যা ও মুদ্রা পাচার বিষয়ে পুলিশের অতিরিক্ত আগ্রহের ব্যাপারে আলোচনা করে। ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংক দেশজুড়ে মুদ্রা পাচার রোধে বিভিন্ন কর্মশালার আয়োজন করে।

বর্তমানে বাংলাদেশ একটি অর্থনৈতিক গোয়েন্দা ব্যাবস্থা (এফআইইউ) গড়ে তোলার জন্য কাজ করছে। ২০০২ সালের মুদ্র পাচার প্রতিরোধ আইন অনুসারে কেন্দ্রিয় ব্যাংকের মুদ্রা পাচার প্রতিরোধ শাখা এফআইইউ-র অংশ হিসেবে কাজ করছে এবং সে অনুসারে আদালতের আদেশ ছাড়াই সম্পত্তি জব্দ করার ক্ষমতা প্রাপ্ত এবং আদালতের আদেশে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের পাঠানো গবেষণা মূলক সফটওয়্যার এবং এফআইইউ এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

২০০২ সালে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট (এমএলপিএ) কার্যকরের পর থেকে এ পর্যন্ত প্রায় ২৩৬ টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয়ের প্রক্রিয়াগত সমস্যার কারণে আজ পর্যন্ত এসব বিষয়ের কোনো সফল বিচারিক কাজ সম্পন্ন হয়নি। ২০০৫ সালের ডিসেম্বরে নবগঠিত দুর্নীতি দমন কমিশন (এসিসি) এসব বিষয়ের তদন্ত না করার সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তা ফিরিয়ে দিলে প্রক্রিয়াটি ভীষণভাবে ব্যাহত হয়। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব মামলা গ্রহণে সম্মত হয়। ব্যাংকের কাছে থাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ তদন্তের পদ্ধতি ঠিক করে ব্যাংক ও সিআইডি। ২০০৬ সাল জুড়ে এ কাজ করে প্রতিষ্ঠান দুটি। আইন মন্ত্রীর অনুমোদনক্রমে সরকারের সংশ্লিষ্ট এটর্নিরা এর বিচার কাজ করবেন। ২০০৭ সালে বসন্তকালে এসব বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

২০০২ সালের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের বদলে নতুন আইন চালু করতে খসড়া করা হয় ‘এন্টি--মানি লন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইনান্সিং অ্যাক্ট ২০০৫’-- (এএমএলটিএফ)। কিন্তু ২০০৭ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতার কারণে আইনটি অনুমোদন ও কার্যকরের প্রক্রিয়া চাপা পড়ে থাকে। এগমন্ট গ্র“প প্রবর্তিত বেশীরভাগ আন্তর্জাতিক সুপারিশের শর্ত পূরণের লক্ষ্যে একটি ‘এফআইইউ’ গঠন করার প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে এএমএলটিএফ--এর খসড়ায়। দেশ বিদেশের আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে তথ্য বিনিময় এর সুযোগ থাকছে ওই আইনে।

একটি ‘ফাইনান্সিয়াল ইনভেস্টিগেশন এন্ড প্রসিকিউশন অফিস’ স্থাপন করার কথাও বলা হয়েছে খসড়া আইনটিতে। আইনপ্রয়োগকারী সংস্থার তদন্তকারী এবং সরকারি আইনজীবীরা একটি যৌথ দল গঠন করে মামলার শুরু থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত এ অফিসে একত্রে কাজ করে যাবেন।

নির্দিষ্ট অপরাধের সঙ্গে যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া যাক কি না যাক অপরাধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও ক্ষমতা দেওয়া হয়েছে ২০০৫ সালের এ আইনের খসড়ায়। তবে সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি এ আইনে। কেন্দ্রীয় ব্যাংক জানায় প্রশাসনিক ও নিয়ন্ত্রণকারী ব্যবস্থার মাধ্যমে সেসব নির্ধারণ করা হতে পারে। মন্ত্রিপরিষদে পর্যালোচনার পর নানা পরিবর্তনে খসড়াটি অনেকাংশে দূর্বল হয়ে পড়ে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কেন্দ্রীয় ব্যাংক বিশেষজ্ঞ, পুলিশ ও কৌশুলিদের সমন্বয়ে একটি ‘প্রয়োগকারী দল’ গঠনের কথা। এ দল গঠনের বিষয়টি বাদ দেওয়া হয় মন্ত্রিসভা পর্যালোচনার পর।

এএমএল এর খসড়ায় সন্ত্রাসবাদকে অর্থায়নের বিষয়টিও আছে। সরকার ঘোষণা করেছে, সন্ত্রাসকে অর্থায়নের বিরুদ্ধে তারা একটি পৃথক সন্ত্রাস বিরোধী আইন চায়। অবশ্য সন্ত্রাস বিরোধী আইনটি ২০০৬ সালের সংসদে পাঠানো হয়নি। আন্তর্জাতিক সহায়তায় এটি এখনো পর্যবেক্ষণের পর্যায় রয়েছে।

২০০৩ সালে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ঘোষিত দুটি সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করে। এর একটিতে সামান্য পরিমান অর্থ ছিল। বাকিটিতে কোনো টাকাই পাওয়া যায়নি। ২০০৪ সালে দেখা যায়, দুটি স্থানীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের  শর্ত মানছে না।

২০০৫ সালে বাংলাদেশ জাতিসংঘের ১২ তম সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয়। বাংলাদেশ ১৯৮৮ সালের জাতিসংঘের আন্তর্জাতিক মাদক বিরোধী কনভেনশনের সদস্য হলেও সংগঠিত অপরাধীদের নিষিদ্ধ করার বিষয়ের কনভেনশনে তারা স্বাক্ষর করেনি।

মূদ্রা পাচার ও সন্ত্রাসবাদকে অর্থায়ন করা বন্ধ করতে বাংলাদেশ সরকারের উচিত হবে আন্তর্জাতিক আইন মেনে চলা। এছাড়া ব্যাংক থেকে মূদ্রা পাচার রোধ করতে ও তাদের গ্রহণযোাগ্যতা বাড়াতে প্রতিটি কর্মকর্তাকে নির্দিষ্ট কিছু আইন মেনে চলতে হবে।

অর্থনীতির গতি -- প্রকৃতি তদারকীতে বাংলাদেশের উচিত, একটি বিশেষ আর্থিক গোয়েন্দা সংস্থা তৈরী করা। যথেষ্ট পরিমানে প্রশিক্ষণ, সম্পদ ও তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞানের অভাবে বাংলাদেশ এগুতে পারছে না।

দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ও শুল্ক বিভাগের প্রয়োজন বাণিজ্যিকভাবে মূদ্রা পাচার সম্পর্কে গবেষণা করা।

এছাড়া তাদের দুর্নীতি, মূদ্রা পাচার, চোরাচালান, কর ফাঁকিসহ নানা অপকর্ম রোধে আরো গুরুত্ব দেওয়া উচিত।

বাংলাদেশের কর্তব্য হবে বহুজাতিক সংগঠিত সন্ত্রাসের বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশনকে সমর্থন করা।