যুক্তরাজ্য থেকে মুরগি আমদানি নিষিদ্ধ
বার্ড ফ্লু সংক্রমণের কারণে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে মুরগি আমদানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। বৃহস্পতিবার বার্ড ফ্লু বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে যেসব দেশে বার্ড ফ্লু ছিল সেখান থেকে মুরগি বা বাচ্চা আমদানিতে আরোপিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
মৎস্য পশু সম্পদ উপদেষ্টা সিএস করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমান ও ওই মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান।
সভায় বাংলাদেশে বার্ড ফ্লু সংক্রমণের সম্ভাব্যতা পর্যবেক্ষণ, এটি মোকাবিলায় প্রস্তুতি, বিদ্যমান আইন--কানুন পরীক্ষার জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়।
