২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ হয়ে যেতে পারে

নতুন করে গ্যাসের আবাসিক সংযোগ না দেওয়ার চিন্তা-- ভাবনা করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 05:17 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

জ্বালানী উপদেষ্টা তপন চৌধুরী বৃহস্পতিবার দুপুরে তাঁর মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, গ্যাসের অপব্যবহার হচ্ছে। বেশি দামে গ্যাস কিনে কম দামে বিক্রি করতে হচ্ছে। এতে সরকারের লোকসানও বাড়ছে।

গ্যাসের পরিবর্তে আবাসিক সংযোগে এলপিজি ব্যবহারে উৎসাহিত করা হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, এ মুহূর্তে ডিজেলের দাম বাড়বে না। তিনি বলেন, বিপিসিকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় ভিত্তিতে তেলের দাম সমন্বয় করতেই হবে। এজন্য কাজ চলছে। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, “তেলের দাম বাড়ানোর কথা হলেই বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়।”

জ্বালানী মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বর্তমানে আবাসিক সংযোগ সংখ্যা প্রায় ১১ লাখ। প্রতিদিন আবাসিক কাজে প্রায় ৫ কোটি ঘনফুট গ্যাস ব্যবহার হচ্ছে। সরকার ১ হাজার ঘনফুট ৩ মার্কিন ডলারে কিনে দেড় মার্কিন ডলারে বিক্রি করছে। বর্তমানে গ্যাসের সম্ভাব্য ও প্রমাণিত মজুদের পরিমাণ ১৪ দশমিক ১ ট্রিলিয়ন ঘনফুট। এখান থেকে প্রতিদিন ১৪০ কোটি ঘনফুট গ্যাস বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে বিদ্যুৎ খাতে ৩৫%, সার উৎপাদনে ১৭% এবং বাড়িতে ৫% ও অন্যান্য খাতে ৪৫%।

১৭ টি ক্ষেত্র এই গ্যাস থেকে সরবরাহ করছে ৮টি কোম্পানি। এলপিজি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে তপন চৌধুরী বলেন, “এলপিজি প্লান্ট স্থাপনার প্রস্তাব আমাদের হাতে রয়েছে। এই বিষয়টা বিবেচনা করে দেখা হবে।”

তপন চৌধুরী বলেন, “বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করতে পারলে বিদ্যুৎ সংকটে সেটা হবে উৎকৃষ্ট সমাধান। কিন্তু এটা ব্যয় বহুল।” এরপরও বিষয়টা সরকারের বিবেচনায় আছে বলে জানান জ্বালানী উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, এশিয়া এনার্জির সঙ্গে এই মুহূর্তে কোন কাজের চুক্তির বিষয় সরকার এখন ভাবছেনা। তিনি বলেন, এটা আমাদের প্রায়োরিটি নয়।

তিনি বলেন, “অতীত অভিজ্ঞতা থেকে বোঝা গেছে কোনো কোম্পানি হঠাৎ করে এখানে এসে কিছু করতে পারবেনা। স্বার্থ রক্ষা করেই এখানেই কাজ করতে হবে।”