ঘুষ নেওয়ার অভিযোগে ডেপুটি স্পিকারের বিরুদ্ধে গানম্যানের মামলা
চাকরি দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ডেপুটি স্পিকার আখতার হামিদ খান সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক গানম্যান এসএম জুলফিকার আলী। (আরও তথ্যসহ)
মঙ্গলবার দুপুর সাড়ে দশটায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতারণা ও অর্থ আত্মসাতের এ মামলাটি দায়ের করা হয়।
শুনানি শেষে মহানগর হাকিম এজেএম আবদুল্লাহেল বাকী মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বাদী মামলার আবেদনে বলেছেন, তিনি পুলিশের বিশেষ শাখার সদস্য ছিলেন এবং ঘটনার সময় আসামীর গানম্যান হিসেবে চাকরি করতেন।
ডেপুটি স্পিকারের সাবেক গানম্যান উল্লেখ করেন, ২০০১ সালের নির্বাচনে নওগাঁ--৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আখতার হামিদ সিদ্দিকী। এরপর ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মানুষকে সরকারি পদে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে জাতীয় সংসদের প্যাডে নিজ স্বাক্ষর ও লিখিত দিয়ে ১২ লাখ টাকা ঘুষ হিসেবে গ্রহণ করেন।
বাদী উল্লেখ করেন, ঘুষ লেনদেনের সময় তিনি নিজে উপস্থিত ছিলেন। কিন্তু এসব লোককে অভিযুক্ত চাকরি দিতে ব্যর্থ হলে তারা টাকা ফেরৎ চেয়ে বাদীর কাছে কান্নাকাটি করেন। বিষয়টি অভিযুক্তকে জানিয়ে টাকা ফেরৎ দেয়া দরকার বলে মন্তব্য করলে অভিযুক্ত বাদীর উপর ক্ষিপ্ত হন। বাদীকে চরম শিক্ষা দেবেন বলে হুমকি দেন।
যাদের কাছ থেকে আখতার হামিদ সিদ্দিকী ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে তারা সবাই মামলার সাক্ষী।
আবেদনে জুলফিকার আলী আরো উল্লেখ করেন, অভিযুক্তের অপকর্ম জেনে ফেলায় ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে ২০০৫ সালের ৬ ফেব্র“য়ারি অভিযুক্ত বাদীকে চাকরিচ্যুত করেন। এতোদিন অভিযুক্তের প্রতাপ ও প্রভাবে তিনি মামলা করতে সাহস পাননি।
