২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসি চেয়ারম্যানকে পদত্যাগের আহ্বান জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা

নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের পর এবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের উদ্যোগ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। আর একারণে পিএসসির বর্তমান চেয়ারম্যান জেড এন তাহমিদা বেগম তার মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করলে ভালো হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সোমবার বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী মে মাসে শেষ হয়ে যাচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই যদি তিনি চলে যান তাহলে ভালো হয়। তা না হলে তার মেয়াদ পূর্ণ হওয়ার পর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে।”

পিএসসির সংস্কার প্রশ্নে উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা ইতোমধ্যে শেষ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, “পাবলিক সার্ভিস কমিশনে বর্তমানে যে অবস্থা চলছে তাতে এ প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো ছাড়া কোন বিকল্প নেই। জাতির গুরু দায়িত্ব পালন করে সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তারা। আর তাদের নিয়োগ করা হয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই। এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বা অস্বচ্ছতা থাকলে সেক্ষেত্রে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন।”

পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদের সংখ্যা ১৪। এরমধ্যে ছয়টি পদ এখনও শূন্য রয়েছে। চেয়ারম্যানসহ এই ছয় পদে বাছাই করে লোক নিয়োগ করা হলে কমিশনের সংস্কার কাজ দ্রুত শেষ করা সম্ভব বলে জানিয়েছেন আনোয়ারুল ইকবাল।