কিশোরগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যান্য বছরের মতো এবারও হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণের মধ্যদিয়ে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। তবে এ বছর জামাতে অন্যান্যবারের তুলনায় মুসল্লিদের অংশগ্রহণ ছিল কিছুটা কম।
শুক্রবার সকাল সোয়া ৯টায় শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন স্থানীয় বড় বাজার জামিয়া মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার উন্নতি কামনা করে তিনি মুনাজাত পরিচালনা করেন।
শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৮২৮ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবারের জামাতটি ছিলো ১৮১তম।
রীতি অনুযায়ী জামাতে শরিক হওয়া বিপুল সংখ্যক মুসল্লির দৃষ্টি আকর্ষণের জন্য নামাজ শুরুর পাঁচ মিনিট আগে শটগানের তিনটি গুলি ছোড়া হয়। তিন মিনিট পর আবার দুটি এবং সর্বশেষ একটি গুলি ছোড়া শেষে নামাজ শুরু হয়।
শোলাকিয়া ঈদগাহের ইতিহাস
জনশ্র"তি অনুসারে মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জে জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। সেই হিসাবে এবারের ঈদ-উল-আজহার জামাতটি হবে ১৮১ তম ঈদের জামাত। প্রতিষ্ঠার প্রথম বছর অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেন, আর এরপর থেকেই এই ঈদগাহের নাম হয় সোয়ালাখি মাঠ। সময়ের সঙ্গে নামটিও কিছুটা পরিবর্তিত হয়ে যায়। শেষমেশ পরিণত হয় শোলাকিয়া মাঠে।
বিশাল এই মাঠের মধ্যে কাতার রয়েছে মোট ২৬৫টি। প্রতি কাতারে পাঁচশ'র বেশি মুসল্লি নামাজে অংশ নিতে পারেন। সেই সঙ্গে মাঠের আশপাশের বিরাট এলাকা জুড়ে ঈদের জামাতে অংশগ্রহণকারীদের হিসেবে নিলে সব মিলিয়ে সংখ্যাটা আড়াই থেকে তিন লাখে পৌঁছে যায়।
জনশ্র"তি আছে, এ মাঠে পরপর তিনটি ঈদের জামাত আদায় করলে এক কবুল হজের সওয়াব পাওয়া যায়। সেজন্য শোলাকিয়া মাঠ গরিবের মক্কা নামেও পরিচিত।
বিডিনিউজট টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৬৩৮ ঘ.
bdnews24