২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবন থেকে চারটি লাশ উদ্ধার

ছাদ ধসে পড়া র‌্যাংগস ভবনের ধ্বংসস্তুপ থেকে দমকল বাহিনীর কর্মীরা চারটি লাশ উদ্ধার করেছেন। এর মধ্যে দুজনের পরিচয় জানা গেলেও দুজনের পরিচয় জানা যায়নি। এর আগে বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজ আবার শুরু হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাদ ধসে পড়া র‌্যাংগস ভবনের ধ্বংসস্তুপ থেকে দমকল বাহিনীর কর্মীরা চারটি লাশ উদ্ধার করেছেন। এর মধ্যে দুজনের পরিচয় জানা গেলেও দুজনের পরিচয় জানা যায়নি। এর আগে বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজ আবার শুরু হয়। (আরও তথ্যসহ) নিহতরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী থানার ফুলবাড়িয়া গ্রামের আবদুর গফুর খানের ছেলে নিহত রুহুল আমিন (৫০) ও গাইবান্ধার ফুলছড়ি থানার পাতলামারী গ্রামের নজলার রহমান ছেলে আমিনুল ইসলাম (২০)। দমকলের উপ পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, "বৃহস্পতিবায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।" তিনি বলেন, "উপরে উদ্ধার কাজ চালানো খুবই ঝুঁকিপূর্ণ। খুব সাবধানে কাজ চালাতে হচ্ছে। ওপরের দিকে উঠতে গেলেই ইট-কংক্রিট খসে খসে পড়ছে। " রুহুল আমিনের দুই ছেলে চার মেয়ে রয়েছে। নিহতের বড় ছেলে আলাউদ্দিন তার লাশ সনাক্ত করে। আলাউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ময়না তদন্ত শেষে বাবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। রুহুল আমিনের লাশ র‌্যাংগস ভবন থেকে দুপুর দেড়টায় উদ্ধার করা হয়। এরপর বিকেল সাড়ে ৫টায় অজ্ঞাতনামা আরো একজনের লাশ উদ্ধার করে দমকল কর্মীরা। সন্ধ্যা ৬টায় আটতলা থেকে আরেকটি লাশ রড কেটে বের করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বা ৩৫ বছর। তার পরনে কালো শার্ট, লুঙ্গি আর হাতে লাল-সবুজ ব্রেসলেট ছিল। লাল সবুজ ব্রেসলেট পরা তার হাতটি কয়েকদিন ধরে রডের ফাঁক গলে ঝুলছিল। আটতলা থেকে লাশ উদ্ধারের ৫ মিনিট পরেই সাততলার উত্তর দিক থেকে শ্রমিক আমিনুল ইসলামের (২০) লাশ উদ্ধার করা হয়। আমিনুল এখানে তার চাচা আতাউর রহমানের সঙ্গে কাজ করতো। উদ্ধারের পর আতাউর রহমান এসে লাশটি সনাক্ত করেন। আতাউর রহমান জানান, ঘটনার সময় আমিনুল সাততলায় আরও অনেকের সঙ্গে ঘুমিয়ে ছিল। সেলিম নেওয়াজ জানান, উদ্ধার কাজ চালানোর জন্য যে যন্ত্রপাতি দরকার তার সবই পর্যাপ্ত রয়েছে। তবে নিরাপত্তার অভাবে কাজ চালাতে হচ্ছে খুব ধীরে ধীরে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব হাসান, সহযোগী অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ, রাজউকের প্রধান প্রকৌশলী শাহ আলম, নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম। এর আগে সকালে দমকল বাহিনীর উপ পরিচালক (অপারেশনস) শেখ মিজানুর রহমান বলেন, "সকাল সাড়ে নয়টার দিকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। প্রথমেই দৃশ্যমান তিনটি লাশ উদ্ধার করার চেষ্টা চলছে।" মিজানুর রহমান বলেন,"কত জন নিখোঁজ রয়েছেন তার তালিকা রাজউক আমাদের দেয়নি।" তেজগাঁওয়ের ট্রাফিক ইন্সপেক্টর কাজী মুরাদ হোসেন বলেন,"রাজউক আমাদের অনুরোধ করেছিল র‌্যাংগস ভবনের সামনের রাস্তা বন্ধ রাখতে। কিন্তু এটা করলে সারা ঢাকা শহরে তীব্র যানজটের সৃষ্টি হত। এ কারণে আমরা রাস্তাটি বন্ধ রাখিনি।" এদিকে ভবনটির ভেতরে পুলিশ কাউকেই ঢুকতে দিচ্ছেনা। এর আগে বুধবার বিকেলে দমকল কর্মীরা সাত তলায় উদ্ধার কাজ শুরু করতে গেলে বিশেষজ্ঞরা তাদের নামিয়ে দেন। ভবনটির ভেতরে চাপা পড়ে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হলেও তাদের সংখ্যার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে সেখানে এ পর্যন্ত ৪টি লাশ দেখা গেছে। আদালতের নির্দেশে গত ৪ আগস্ট থেকে র‌্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হয়। ২২ তলার মধ্যে ৫ তলা ভাঙার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় গত শনিবার রাতে ভবনটির ১৮ থেকে ৪ তলা পর্যন্ত প্রতিটি ছাদের মাঝের অংশ ভেঙে ৩ তলায় নেমে আসে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/জিএমএ/এমএআর/এমএ/১৮৪৩ঘ.