চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর কাঁচা বাজারগুলোতে শীতকালীন সবজির দাম কমছে; বেড়েছে সরবরাহ। নতুন আলুর সরবরাহ বাড়লেও দাম আগের মতই রয়েছে। স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম।
শুক্রবার সকালে বাজারগুলোতে প্রতিকেজি টমেটো ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। নতুন আলু এখনও ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রেয়াজুদ্দিন বাজারে সবজি কিনতে আসা ফিরিঙ্গীবাজার এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন পর নিশ্চিন্তে সবজি কিনতে পারছি। তবে দাম আরো কমা উচিত।"
অন্যান্য ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও পণ্যভেদে সেগুলোর দামও কমা উচিত বলে তিনি মনে করেন।
শুক্রবার রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানে পেঁয়াজ, সয়াবিন, চাল, আটা-ময়দাসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম মোটামুটি স্থিতিশীল আছে। ভালো মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩ টাকায়। মানভেদে কোনো দোকানে ২২ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।
এদিকে, বাজারে কাঁচামরিচ ও ধনেপাতার সরবরাহ প্রচুর থাকায় দাম ছিল কম। প্রতি কেজি মরিচ ৩৫ থেকে ৪০ এবং ধনেপাতা ৩০ থেকে ৩৫ টাকা দামে বিক্রি হয়েছে।
বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও কমেনি দাম। উভয় বাজারের খুচরা বিক্রেতারা প্রতি কেজি আলু ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি করছে। পুরনো আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়।
রেয়াজুদ্দিন বাজারের খুচরা বিক্রেতা মোহাম্মদ জানান, আগামী কয়েকদিনের মধ্যে বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে।
বাজারগুলোতে প্রতি কেজি খোলা সয়াবিন আগের দাম ৯০ থেকে ৯২ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ৯০০ এমএল এর জার ৯০ টাকা এবং ৫ লিটারের জার কোম্পানিভেদে ৪৫৫ থেকে ৪৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজির প্যাকেট আটা আগের দাম ৩৬-৩৮ টাকা ও ময়দা ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজারে ফুলকপি প্রতি কেজি ২০ টাকা, বাঁধাকপি ১২, মুলা ১০, শিম ২৬, করলা ২৮, শসা ৩২, পটল ২৬, পেঁপে ১২ টাকা দরে বিক্রি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩০৫ ঘ.
bdnews24