২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাক-যোগ্যতায় পাঁচটি প্রতিষ্ঠান নির্বাচিত

বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাক-যোগ্যতা বাছাইয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান পুরোপুরি ও দুটি প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে নির্বাচিত হয়। বিদ্যুৎ বিভাগের অধীন পাওয়ার সেল এর মহাপরিচালক আব্দুল জলিল মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, শর্তসাপেক্ষে নির্বাচিত প্রতিষ্ঠানদুটি শর্ত পূরণ করলে চূড়ান্ত দরপত্রে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 03:15 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাক-যোগ্যতা বাছাইয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান পুরোপুরি ও দুটি প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে নির্বাচিত হয়। বিদ্যুৎ বিভাগের অধীন পাওয়ার সেল এর মহাপরিচালক আব্দুল জলিল মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, শর্তসাপেক্ষে নির্বাচিত প্রতিষ্ঠানদুটি শর্ত পূরণ করলে চূড়ান্ত দরপত্রে অংশ নেওয়ার সুযোগ পাবে। পুরোপুরিভাবে নির্বাচিত প্রতিষ্ঠান তিনটি হলো দক্ষিণ কোরিয়ার 'কোরিয়া ইলেক্ট্রিক পাওয়ার কো-অপারেশন', যুক্তরাষ্ট্রের 'এ ই এস করপোরেশন' ও একই দেশের 'শেভরন করপোরেশন'। শর্ত সাপেক্ষে নির্বাচিত হয়েছে মালয়েশিয়ার পাওয়ার টেক বেরহাড ও জার্মানির সিমেন্স প্রজেক্ট ভেনচারস জিএমবিএইচ এর কনসোর্টিয়াম এবং বাংলাদেশের সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন ও যুক্তরাষ্ট্রের জি ই এনার্জি এলএলসি এর কনসোর্টিয়াম। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কনসোর্টিয়াম দুটিকে চূড়ান্ত দরপত্রে অংশ নিতে হলে ৪৫ দিনের মধ্যে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং মান (আইএসএ) বজায় রেখে আর্থিক প্রতিবেদন দাখিল করতে হবে। আইএসএ আর্থিক প্রতিবেদন জমা দেওয়া যোগ্যতা যাচাইয়ের অন্যতম একটি শর্ত ছিল। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এই নির্বাচন প্রক্রিয়া শেষ করে। ছয়টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়েছিল। এর মধ্যে মালয়েশিয়ার ওয়াই টি এল পাওয়ার ইন্টারন্যাশনাল বেরহাড প্রাক-যোগ্যতার শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়ে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০০৮ এর প্রথম ভাগেই চূড়ান্ত দরপত্র আহ্বান করা হতে পারে। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রাক-যোগ্যতা দরপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয় গত ৮ নভেম্বর। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) এর আওতায় বিদ্যুৎ কেন্দ্রটি 'বিল্ড-ওউন-অপারেট' ভিত্তিতে বাস্তবায়িত হবে। সরকার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে পরে ২২ বছরের ক্রয় চুক্তি করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/এসকে/২১০৮ঘ.