২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড আবেদন নাকচ, তারেককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে পৃথক দুইটি চাঁদাবাজি মামলায় রিমান্ড আবেদন নাকচ করে দিয়েছে আদালত। তবে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাদের অনুমতি দিয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদ ধানমণ্ডি থানায় ঠিকাদার মীর জাহির হোসেনের দায়ের করা মামলায় শুনানি গ্রহণ করেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 07:40 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে পৃথক দুইটি চাঁদাবাজি মামলায় রিমান্ড আবেদন নাকচ করে দিয়েছে আদালত। তবে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাদের অনুমতি দিয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদ ধানমণ্ডি থানায় ঠিকাদার মীর জাহির হোসেনের দায়ের করা মামলায় শুনানি গ্রহণ করেন। অন্যদিকে গুলশান থানায় ঠিকাদার আফতাব উদ্দিনের দায়ের করা মামলার শুনানি গ্রহণ করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহনগর হাকিম শওকত আলী চৌধুরী। তারেক রহমানের উপস্থিতিতে বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হয়। বেলা ১টা ৩৭ মিনিটের দিকে তারেক রহমানকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ৮ মার্চ রাত সাড়ে ১২টায় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে মা সাবেক খালেদা জিয়ার সরকারের আমলে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমণ্ডি থানায় করা পাঁচ কোটি টাকা চাঁদাবাজি মামলার শুনানির শুরুতেই তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আমির হোসেন তারেক রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড প্রতিবেদনে তিনি বলেন, এ মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, তারেকের নির্দেশে তিনি চাঁদা নিেেয়ছেন। তারেক ওই চাঁদার সিংহভাগ নিয়ে নিয়েছেন বলে মামুন উল্লেখ করেন। মামলার তদন্তের অগ্রগতি ও পলাতক আসামিদের অবস্থান সম্পর্র্কে জানার জন্য অভিযুক্তকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে শুনানিতে বলেন, তারেক রহমান প্রায় নয় মাস কারাগারে রয়েছেন। তিনি কী করে অপর আসামিদের অবস্থান সম্পর্কে জানবেন। এ মামলার এজাহারে তারেক রহমানের নাম ছিল না। কথিত ১৬৪ ধারার জবানবন্দি অনুযায়ী তাকে কথিত ওই চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহার অনুযায়ী চাঁদাবাজির ঘটনা ঘটে ২০০৪ সালের ১৪ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সময়ে। এ মামলায় তাকে গত ২৩ এপ্রিল প্রেপ্তার দেখানো হলেও এতদিন পর তদন্ত কর্মকর্তার রিমান্ড চাওয়ার ভিন্ন উদ্দেশ্য আছে। রাজনৈতিক বিশেষ উদ্দেশ্যেই এই রিমান্ড চাওয়া হয়েছে। শুনানির শেষ পর্যায়ে আইনজীবীরা আদালতে তারেকের সঙ্গে মামলা নিয়ে পরামর্শের জন্য আদালতের কাছে এক ঘন্টা সময় চান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তারেকের আইনজীবী ব্যারিষ্টার নওশাদ জমির, মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল ও নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার- এ সাত আইনজীবীকে পরামর্শ করার অনুমতি দেন। এ মামলার শুনানি শেষে তারেককে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শওকত আলী চৌধুরীর এজলাসে নেওয়া হয়। তার আইনজীবীরা গুলশান থানায় করা চাঁদাবাজির এ মামলায় রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, বিএনপিকে ভোগানোর জন্য এতদিন পর উদ্দেশ্যমূলকভাবে এই রিমান্ড চাওয়া হয়েছে। তাছাড়া রিমান্ড আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন মানা হয়নি। এ সময় আইনজীবীরা তারেকের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করে বলেন, রিমান্ডে গেলে অভিযুক্ত আরও অসুস্থ হয়ে পড়বেন। পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা বাবুল মিয়া তারেককে রিমান্ডে নেওয়ার পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন, সঠিক তদন্তের পূর্বশর্ত হচ্ছে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ। এর আগে এ মামলার তদন্ত কর্মকর্তা কখনই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাননি। তাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। তিনি জেলগেটে তারেককে জিজ্ঞাসাবাদের বিরোধিতা করে বলেন, সেখানে জিজ্ঞাসাবাদের পরিবেশ নেই। শুনানির পর আদালত উভয় মামলায় তারেককে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়। পাঁচ কোটি টাকা চাঁদা দাবি ও ৫৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে গত ১ এপ্রিল ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় তারেকের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন ও ওবায়দুল কাদের সোহেল, মামুনের ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান, মাহাবুব, হাবলু, মোটা তারেক ও মানিককে আসামি করা হয়। এক কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির মামলাটি হয় গত ২৭ মার্চ গুলশান থানায়। এতে তারেকের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক সাংসদ খায়রুল কবির খোকন, ওবায়দুল কাদের, গিয়াস উদ্দিন আল মামুনের ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান মাহবুব, হাবলু, মোটা তারেককে আসামি করা হয়। এ মামলার মামুন স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে বলেছিলেন, তারেককে এর মধ্যে ৮০ লাখ টাকা চাঁদার ভাগ দিয়েছেন। বুধবার তারেককে সাত রিমান্ডে নেওয়ার জন্য এ মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ইমতিয়াজ একেএম ভূঁইয়া আদালতে আবেদন করেন। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএসবি/এসকে/এমএ/২০৪৪ ঘ.