ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থারত নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ সানাউল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১৩৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে এক নম্বর দুরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থানের ও গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/১৪০৯ঘ.
bdnews24