চুয়াডাঙ্গা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সীমান্তে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলি হয়েছে।
রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে ওই গোলাগুলি হয় বলে বিডিআর জানায়।
উভয় পক্ষে পাঁচ রাউন্ড গুলিবিনিময় হয়েছে উল্লেখ করে বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান দাবি করেন, বিএসএফ সদস্যরা বিনা উস্কানিতে গুলি ছুড়লে বিডিআর তার জবাব দেয়।
সীমান্ত সমস্যা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক আশিস কুমার মিত্রের বাংলাদেশ সফরের মধ্যেই এ গোলাগুলির ঘটনা ঘটলো।
মানবাধিকার সংগঠন অধিকার গত মঙ্গলবার জানায়, সীমান্ত এলাকায় ২০০০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৫৩ বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এর মধ্যে চলতি বছরে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৯৪ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯৩২ ঘ.
bdnews24