ফরিদপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মধুখালী উপজেলায় যাত্রীবাহী একটি বাসে মঙ্গলবার সকালে ডাকাতি হয়েছে বলে পুলিশ জানায়। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক জন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জেহাদ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফরিদপুর থেকে খুলনাগামী নূপুর পরিবহনের বাসটি সকাল ৭টার দিকে মধুখালীর মাঝকান্দি এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে লুটপাট শুরু করে। ওই সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন বাসযাত্রী ব্যবসায়ী নূর হোসেন (৫০)। প্রায় আধা ঘণ্টা ডাকাতি শেষে ডাকাত দল পরীক্ষিতপুর এলাকায় নেমে একটি মাইক্রোবাসে চড়ে পালিয়ে যায়।
বেলা ১১টার দিকে ডাকাত দলের ব্যবহৃত মাইক্রোবাসটি মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে ওই এলাকার পুলিশের উদ্ধৃতি দিয়ে আবু জেহাদ খান জানান।
ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার উদয় কুমার বাদি হয়ে মধুখালী থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫১ ঘ.
bdnews24