২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলা তদন্তে কমলাপুর কন্টেইনার ডিপোতে টাস্কফোর্স

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো মামলার তদন্তে টাস্কফোর্সের সদস্যরা মঙ্গলবার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো পরিদর্শন করেছেন। তারা প্রায় পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান করে কন্টেইনার ডিপোতে গ্যাটকোর কর্মকাণ্ড দেখেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে গ্যাটকোর লেনদেন সংক্রান্ত চারটি ফাইল জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো মামলার তদন্তে টাস্কফোর্সের সদস্যরা মঙ্গলবার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো পরিদর্শন করেছেন। তারা প্রায় পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান করে কন্টেইনার ডিপোতে গ্যাটকোর কর্মকাণ্ড দেখেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে গ্যাটকোর লেনদেন সংক্রান্ত চারটি ফাইল জব্দ করা হয়। সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক জহুরুল হুদার নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার (আইসিডি) ডিপোতে যান। দলে আরও ছিলেন যুগ্ম আয়কর কমিশনার শামীমুর রহমান, সেনা কর্মকর্তা মেজর মোস্তফা কামাল, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক নুরুল ইসলামসহ কয়েকজন সেনাসদস্য। টাস্কফোর্স প্রথমে ডিপোর প্রশাসনিক ভবনে গিয়ে ২০০৪ সালে গ্যাটকো কাজ শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে লেনদেন সংক্রান্ত যত ফাইল আছে তা জব্দ করে। বিকেল ৩টা পর্যন্ত তারা আইসিডির সংরক্ষিত এলাকায় গ্যাটকোর কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন। একই মামলার তদন্তে গত ১২ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা জহুরুল হুদাসহ দুর্নীতি দমন টাস্কফোর্সের তিন সদস্য চট্টগ্রাম বন্দর ভবনে নথিপত্র পরীক্ষা করে দেখেন। মঙ্গলবার কমলাপুর কন্টেইনার ডিপো পরিদর্শন শেষে জহুরুল হুদা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ওখানে গিয়ে লেনদেন সংক্রান্ত চারটি ফাইল জব্দ করেছি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এগুলো জব্দ করা হয়েছে।" কমলাপুর আইসিডির ডেপুটি ট্রাফিক ম্যানেজার মধুসূদন দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্সের সদস্যরা এর আগেও কয়েকবার এসেছিলেন। তারা গ্যাটকোর সঙ্গে লেনদেনের চারটি ফাইল দেখার পরে সেগুলো সিলগালা করে আমার হেফাজতে রেখে গেছেন।" দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্যাটকোকে দেওয়ার অভিযোগে ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছেলে কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলাটি ১৭ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়। মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী, সাবেক নৌ পরিবহনমন্ত্রী আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার, তার ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্যাটকোর পরিচালক এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন, সাবেক প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহম্মেদ আবুল কাশেম, সাবেক সদস্য লুৎফুল কবীর, গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ। দুর্নীতির ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এসএনডি/জিএনএ/১৬৫৫ ঘ.