২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনের জামাতকর্মী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ঝুলে আছে

পাঁচটি ধার্য তারিখ পার হয়ে গেলেও গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত ছয় জামাত-শিবির কর্মী হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলাটির তদন্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 04:36 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --পাঁচটি ধার্য তারিখ পার হয়ে গেলেও গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত ছয় জামাত-শিবির কর্মী হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলাটির তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুহাম্মদ সালেহউদ্দিন আগামী ২৮ নভেম্বর এ মামলাটিতে অধিকতর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। গত বছরের ২৯ অক্টোবর আওয়ামী লীগের শীর্ষ নেতা তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নাসিম, আবদুল জলিল, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেননসহ ৪০ জনের নাম উল্লেখ করে ও আরো সহস্রাধিক অজ্ঞাতনামাকে আসামি দেখিয়ে পল্টন থানায় এ হত্যা মামলা দায়ের করেন জামায়াত ইসলামীর স্থানীয় নেতা এ টি এম সিরাজুল হক। মামলাটির এজাহারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নাম আসামি হিসাবে উল্লেখ করা না হলেও চলতি বছরের ১০ এপ্রিল দাখিল করা অভিযোগপত্রে তাকে পলাতক আসামি দেখিয়ে ৪৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে আবদুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের নাম আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়। অভিযোগপত্রটিতে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ নেতা মোহাম্মদ নাসিম ও আওয়ামী লীগ নেতা মালেক রতনকেও পলাতক দেখানো হয়। গত ২২ এপ্রিল মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন মহানগর হাকিম মীর আলী রেজা। তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এনামুল হকের আবেদনক্রমে এই পলাতক তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন মহানগর হাকিম । পরেরদিন তদন্ত কর্মকর্তা মামলাটিতে ৪৬ জনের বাইরে সহস্রাধিক অজ্ঞাতনামা আসামির নাম-ঠিকানা ও ঘটনাস্থলের আরো সাক্ষীর তালিকা সম্বলিত অতিরিক্ত তদন্ত প্রতিবেদন দাখিল ও তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতেরও আবেদন করেন। আদালত ঐ আবেদনটি মঞ্জুর করেন। কিন্তু পাঁচ মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত এ মামলায় অতিরিক্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসকে/২২০২ঘ.