নিউ ইয়র্ক, ১৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে অনাগ্রহের কথা পুনর্ব্যক্ত করে সেনাপ্রধান মইন উ আহমেদ বলেছেন, নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা ফিরিয়ে দেবে তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় নিরাপত্তা কাউন্সিল থাকলে ১১ জানুয়ারির আগের পরিস্থিতি মোকাবেলা সহজ হতো বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে জেনারেল মইন এসব কথা বলেন।
নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় ওই অনুষ্ঠানে সেনা প্রধান বলেন, "দুর্নীতি গণতন্ত্রের পথে একটি বাধা। এজন্য আমরা এর মূল উচ্ছেদের চেষ্টা করছি।"
জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের ওপর গুরুত্ব দিয়ে সেনাপ্রধান বলেন, "এ ধরনের কাউন্সিল থাকলে ১১ জানুয়ারির আগের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের ভারসাম্য রক্ষা করা সম্ভব হতো। দেশের সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তাদের ৯০ ভাগই ১/১১ এর আগের অবস্থায় ফিরে যেতে চাইবে না।"
নিউ ইয়র্ক সময় রাত সাড়ে আটটায় দেওয়া এ ভাষণের পর মইন উ আহমেদ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
নির্বাচনের মাধ্যমে বিএনপি বা আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে গেলে কী হবে এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ''আমরা ১১ জানুয়ারির আগের দিনগুলোর মতো অবস্থায় ফিরে যেতে চাই না।"
১১ জানুয়ারির ঠিক আগে সেনাবাহিনীর জন্য তিনটি বিকল্প থাকার কথা উল্লেখ করে জেনারেল মইন বলেন, এর একটি ছিল সামরিক আইন জারি করা। এ প্রসঙ্গে মইন বলেন, তিনি অতীতের সামরিক শাসকদের পদাঙ্ক অনুসরণ করতে চাননি।
এর আগে গত মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানেও তিনি ওই তিনটি বিকল্পের উল্লেখ করেছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/জেকে/এমএ/১৬৩৭ ঘ.
bdnews24