২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় লঞ্চ ডুবি, ঝড়ে নিখোঁজ দুই জেলে

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলায় মেঘনা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে। অপর একটি লঞ্চ নিখোঁজ হলেও পরে নিরাপদে নোঙর করতে সক্ষম হয়। এমএল ভবানীপুর-১ নামের লঞ্চটি ভোলা থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারের উদ্দেশে ছেড়ে যায়। পরে ঝড়ে পড়ে দুর্ঘটনা কবলিত হয় এবং রাত আটটার দিকে ডুবে। দুর্ঘটনা কবলিত অপর লঞ্চের নাম এমএল ভবানীপুর-২। দুটি দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়ে চরফ্যাশনের একটি মাছ ধরা ট্রলার থেকে দুই জেলে মেঘনায় পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 03:16 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলায় মেঘনা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে। অপর একটি লঞ্চ নিখোঁজ হলেও পরে নিরাপদে নোঙর করতে সক্ষম হয়। এমএল ভবানীপুর-১ নামের লঞ্চটি ভোলা থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারের উদ্দেশে ছেড়ে যায়। পরে ঝড়ে পড়ে দুর্ঘটনা কবলিত হয় এবং রাত আটটার দিকে ডুবে। দুর্ঘটনা কবলিত অপর লঞ্চের নাম এমএল ভবানীপুর-২। দুটি দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়ে চরফ্যাশনের একটি মাছ ধরা ট্রলার থেকে দুই জেলে মেঘনায় পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলায় ১৭টি ট্রলার নিখোঁজ হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এ খবর সরকারি কোন সূত্রে নিশ্চিত করা যায়নি। এমএল ভবানীপুর-১ এর মালিক গোলাম মাওলা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার লঞ্চটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মীর্জাকালু ঘাট থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার রওয়ানা হয় সন্ধ্যার দিকে। এর এক ঘন্টা পর মধ্য মেঘনায় এটি ঝড়ের কবলে পড়ে। এ সময় দ্রুত গতিতে চালাতে গিয়ে লঞ্চের প্রপেলারের পাখা ভেঙ্গে যায়। ঝড়ে মেঘনার বুকে এলামেলো ভাসতে ভাসতে রাত আটার দিকে দৌলতখানের চর সৈয়দপুরের কাছে এসে লঞ্চটি ডুবে যায়। গোলাম মাওলা দাবি করেন, লঞ্চের কোনো যাত্রী মারা যায়নি। লঞ্চটি ডোবার আগে যাত্রীদের উদ্ধারের জন্য ট্রলার পাঠানো হয়েছিল। এছাড়া চরের কাছাকাছি হওয়ায় ডুবন্ত লঞ্চের অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তজুমুদ্দিন উপজেলা রেড ক্রিসেন্টের টিম লিডার মহম্মদ উল্লাহ মিয়া ভবানীপুর-১ দুর্ঘটনাকবলিত হয়েছে বলে জানিয়েছেন। তিনি জানান, উপজেলার চৌমুহনী সংলগ্ন নদীর তীরে নোঙর করার চেষ্টা করলে শহর রক্ষাবাঁধের ব্লকের সঙ্গে সংঘর্ষে এর পেছনের পাখা ভেঙে যায়। পরে যাত্রীরা লঞ্চ থেকে নেমে সড়ক পথে তজুমুদ্দিন চলে যায়। এমএল ভবানীপুর-২ লঞ্চের মালিক গোলাম আজম পলিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চর ফ্যাশনের বেতুয়া ঘাট থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারের উদ্দেশে রওয়ানা হয়। পরে ঝড়ের কবলে পড়ে ভোলার তজুমুদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনের কাছে আটকা পড়ে। সেখানেই সেটিকে নোঙর করে রাখা হয়েছে। ভোলার জেলা প্রশাসক বেলায়েত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমএল ভবানীপুর-২ লঞ্চটি নিরাপদে আছে। যাত্রীদেরও কোন ক্ষতি হয়নি। পুলিশ ও তজুমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলা হয়েছে।" ঝড়ের কবলে পড়ে ভোলার বিভিন্ন উপজেলায় ডুবে যাওয়া ১৭টি ট্রলারের মধ্যে আছে মনপুরার ১টি, চরফ্যাশনের ৪টি, দৌলতখানের ৫টি এবং বোরহানউদ্দিনের ৭টি। মনপুরার আবুল কাশেম নামের এক লঞ্চ ব্যবসায়ী, চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাটের আবু সালেম, দৌলতখানের সিদ্দিক কোম্পানি এবং বোরহানউদ্দিনের সাহাবুদ্দিন নিজ নিজ এলাকায় ট্রলার ডুবির এসব খবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। চরফ্যাশনের সামরাজ ঘাটের মৎস্য ব্যবসায়ী ও চরফ্যাশন পৌর কমিশনার সামসুদ্দিন আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের একটি মাছ ধরা ট্রলারের ২ জেলে মেঘনায় পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে। এ সময় প্রচণ্ড ঝড় ও অন্ধকার থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রলারটি নিরাপদে ফিরে এসেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/এমএসবি/২৩২৫ ঘ.