ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি হওয়ায় জাতি মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা আব্দুল মান্নান ভূঁইয়া।
সোমবার দুুপুরে নরসিংদীর শিবপুরে ইটাখোলায় স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর কোন্দলের কারণে দেশে জরুরি অবস্থা জারি হয়েছে। নির্বাচনের আগে সারাদেশে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তাতে দেশে গৃহযুদ্ধ হওয়ার সম্ভবনা ছিল। কিন্তু জরুরি অবস্থা জারির ফলে দেশ ও জাতি মুক্তি পেয়েছে।''
বিএনপিতে সংস্কারের প্রয়োজনীয়তা আবারো উল্লেখ করে মান্নান ভূঁইয়া বলেন, "দেশ আর কখনো ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যাবে না। দলকে জনগণের কাছে গ্রহযোগ্য করতে হলে অবশ্যই সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।"
এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আবুল হারিছ রিকাবদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের উপস্থিত ছিলেন।
সকালে মান্নান ভূঁইয়া ঢাকা থেকে নরসিংদী আসেন। তিনি নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসএনডি/১৬৪৯ ঘ.
bdnews24