ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জনবহুল ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজকে কঠিন আখ্যায়িত করে নির্বাচন কমিশন (ইসি) বলছে এ কাজকে একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছে তারা।
নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বুধবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "ঢাকায় ভোটার তালিকা তৈরির কাজ জটিল হবে বলে মনে করছি। এটি আমাদের একটি প্রধান চ্যালেঞ্জ।"
সাখাওয়াত হোসেন জানান, সফলভাবে এ কাজ শেষ করতে এরই মধ্যে কমিশন একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে। এই বৈঠক থেকে রাজধানীর স্কুলগুলোতে নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করার জন্য কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ডিসেম্বর থেকেই ঢাকায় শুরু হচ্ছে ভোটার তালিকার কাজ।
ইসি জানিয়েছে, নগরীর ভাসমান ভোটারদের স্থায়ী ঠিকানায় তালিকাভূক্ত করা হবে। বস্তিবাসীদের বর্তমান ঠিকানা থাকায় তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে কমিশনার জানান।
সাখাওয়াত হোসেন বলেন, "আমরা ভোটার করার জন্য বাড়ি বাড়ি যাবো। কিন্তু বার বার যাওয়ার পরেও কেউ যদি ভোটার না হন, তা হলে তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন না। আর পরে এই পরিচয়পত্র পাওয়া বেশ কঠিন হবে।"
কমিশন সারাদেশে ভোটার তালিকা তৈরি হওয়ার আগেই 'জাতীয় তথ্য ভাণ্ডার আইন' চায় -- এ কথা জানিয়ে কমিশনার আশা প্রকাশ করেন ২২ টি নাগরিক সুবিধা পাওয়ার কাজে প্রয়োজন হবে বলে জাতীয় পরিচয়পত্র নেওয়ার জন্য সবাই আগ্রহী হবে।
জানুয়ারি থেকে সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনের ব্যাপারে ইসির সংকল্প পুনর্ব্যক্ত করে কমিশনার আগামী ডিসেম্বরে অন্তত জেলা পর্যায়ে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার 'জোরালো সুপারিশ' করেন। এছাড়া যেখানে যেখানে নির্বাচন হবে, সেখানে জরুরি অবস্থাও শিথিল করার তাগিদ দেন তিনি।
সাখাওয়াত হোসেন বরিশালসহ কয়েকটি জেলা সফরের অভিজ্ঞতা জানিয়ে বলেন, "সবখানে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। দলগুলোর তৃণমূল পর্যায়ে নির্বাচিত নেতৃত্ব, ব্যালট পেপারে 'না 'ভোট থাকা এবং দলগুলোর বাধ্যতামূলক নিবন্ধন --এই তিনটি বিষয়কে সকলে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাচ্ছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৬১০ ঘ.
bdnews24