২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগপত্র

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাংসদ কোটায় গাড়ি আমদানিতে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আ খ ম শাহীদুর রহমান আখন্দের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ অভিযোগপত্র দাখিল করেন। দুর্নীতি দমন কমিশনের আদালত পরিদর্শক মো. ওবায়দুল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ ও ২৭ ধারায় এবং জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর ১৫ (ঘ) (৫) ও দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযুক্ত করে ওই দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।" বিচারক অভিযোগপত্রটি গ্রহণ করে তা মহানগর দায়রা জজ আনোয়ার হোসেনের আদালতে স্থানান্তর করেছেন জানিয়ে আদালত পরিদর্শক বলেন,"আগামীকাল (মঙ্গলবার) দায়রা জজ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।" মামলার আসামি শাহজাহান চৌধুরী এবং এবি ব্যাংকের চেয়ারম্যান ও প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদ খান বর্তমানে পলাতক রয়েছেন বলে ওবায়েদুল্লাহ জানান। দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাদি হয়ে গাড়ি কেনায় দুর্নীতি ও সম্পদের উৎস গোপনের অভিযোগে গত ১ জুলাই চট্টগ্রামের বন্দর থানায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে একটি বিলাসবহুল গাড়ি কিনতে এবি ব্যাংকের চেয়ারম্যান ও প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদ খান শাহজাহান চৌধুরীকে সহযোগিতা করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। এ কারণে এজাহারে নাম না থাকলেও ফয়সাল খানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। আদালত সূত্র জানায়, সাংসদ কোটায় শাহজাহান চৌধুরী ইংল্যান্ড থেকে দেড় কোটি টাকা দামের র‌্যাঞ্জ রোভার ভি-৮ মডেলের একটি গাড়ি আমদানি করেন। তবে টাকা পুরোপুরি পরিশোধ করতে না পারায় আমদানিকারক এজেন্টের কাছ থেকে এখন পর্যন্ত তিনি গাড়িটি নিতে পারেননি। গত ২০ ফেব্র"য়ারি দুদকে জমা দেওয়া সম্পত্তির বিবরণীতে তিনি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আয়বহির্ভূত ৪৯ লাখ ৪৯ হাজার ৩৬৪ টাকার উৎস গোপন করেন। জাহাঙ্গীর আলম জানান, এবি ব্যাংকের চেয়ারম্যান ফয়সাল মোরশেদের সহায়তায় শাহজাহান চৌধুরী ওই ব্যাংকের মহাখালী শাখার মাধ্যমে গাড়ি কেনার টাকা পরিশোধ করেন বলে অনুসন্ধানে ধরা পড়ে; যা তার হিসাব বিবরণীতে উল্লেখ ছিল না। গাড়িটি আমদানিও করা হয় প্যাসিফিক মোটরসের মাধ্যমে। তদন্তে দেখা যায়, শাহজাহান চৌধুরী গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস করেন এবং বিআরটিএ থেকে নিজের নামে নিবন্ধন করান। শাহজাহান চৌধুরীর ওই গাড়িটি ঢাকার মহাখালীতে প্যাসিফিক মোটরসের বেসমেন্ট থেকে জব্দ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৭০৬ ঘ.