সুপ্রিম কোর্টে ভাংচুরের মামলায় ড. কামালের আগাম জামিন
সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের আগাম ও অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
রোববার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক বিচারপতি মীর হাসমত আলী নিজ বাড়িতে আগামি ১০ জাুনয়ারি সুপ্রিম কোর্ট খোলা পর্যন্ত ড. কামাল হোসেনের জামিন মঞ্জুর করেন।
ড. কামাল হোসেনের পক্ষে জামিন আবেদন পরিচালনা করেন সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। তাঁকে সহায়তা করেন ব্যারিস্টার তানজীব-উল-আলম। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম সেখানে উপস্থি'ত ছিলেন।
আদালত থেকে বেরিয়ে ড. কামাল হোসেনের আইনজীবীরা সাংবাদিকদের বলেন, কোর্ট কিপারের দায়ের করা মামলায় ১০ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়েছে আদালত। ১০ জানুয়ারি হাইকোর্ট খোলার পর বিষয়টি নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলা হয়েছে।
গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে রিট মামলার ওপর আদেশ দেওয়ার সময় প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন মামলার কার্যক্রম বন্ধ করে দিলে সুপ্রিম কোর্টে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ৫ ডিসেম্বর শাহবাগ থানায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের কোর্ট কিপার রফিকুল ইসলাম।
গত ১০ ডিসেম্বর এ মামলায় ব্যারিস্টার আমীর উল ইসলাম এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ সাত আইনজীবীকে আগাম জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। ড. কামাল হোসেন তখন বিদেশে ছিলেন। দেশে ফিরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ জামিন দেওয়া হয়।
এদিকে সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় গত ৪ ডিসেম্বর সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের জামাতা ব্যারিস্টার ওমর সাদাতের দায়ের করা অপর একটি মামলায় ইতোমধ্যে পুলিশ অভিযোগ পত্র দিয়েছে।
সরকার পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন ডেপুটি এটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা। তাঁকে সহায়তা করেন ডেপুটি এটর্নি জেনারেল জামান আক্তার বুলবুল, এ বি এম ওয়ালিউর রহমান।
তাঁরা এসময় ওমর সাদাতের দায়ের করা মামলায় দেওয়া অভিযোগ পত্রটি আদালতে উপস্থাপন করেন।
পরে হেলালউদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, ড. কামাল হোসেনকে এ মামলায় ১০ জানুয়ারি পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত।
মহাজোটের ডাকা দেশব্যাপী অবরোধ চলাকালে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি মীর হাসমত আলীর খিলগাঁওয়ের বাসায় আদালত বসিয়ে বিচারকাজ চলে। সেখানে ড. কামাল হোসেনের জামিনের আবেদন ছাড়াও ১০ থেকে ১৫ টি শুল্ক সংক্রান্ত রিট মামলা ও ২টি ফৌজদারি মামলার ওপর বিচারকাজ চলে।
