ঈদের জামাতে সাদ্দামের জন্য দোয়া
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আযহার জামাতে ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
সাদ্দাম হোসেনকে ইরাকের মুসলিম নেতা হিসেবে অভিহিত করে বলা হয়েছে, সাম্রাজ্যবাদী শক্তি মুসলিম উম্মাহ্র ওপর যেভাবে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে, তা থেকে শিক্ষা নিতে হবে। সব ভেদাভেদ ভুলে তাদের প্রতিরোধ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে।
রাজধানীর জাতীয় ঈদগাহ্য় সকাল ৮টায় প্রধান জামাতের খুতবায় খতিব মাওলানা উবায়দুল হক মুসলিম উম্মাহ্র ওপর নেমে আসা বিপদের কথা উল্লেখ করে বলেন, ‘‘যেভাবে ইরাকের একজন মুসলিম নেতাকে নির্মমভাবে ফাঁসি দেয়া হলো, তা মুসলিম উম্মাহ্ মেনে নেয়নি। এর নিন্দা জানানোরও ভাষা নেই।”
তিনি আরও বলেন,“মুসমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে সাম্রাজ্যবাদী অপশক্তি। তাই আমাদের সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।’’
ইসলাম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি সকলের প্রতি বাস্তব অবস্থা থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান।
ঈদের নামাজের মোনাজাতে খতিব মহান আল্লাহ্র দরবারে মুসলিম উম্মাহ্র জন্য রহমত কামনা করেন।
মালিবাগের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত জামাতের মোনাজাতে শক্রদের বিরুদ্ধে লড়ার জন্য মহান আল্ল¬াহ্র দরবারে শক্তি ও সাহস কামনা করা হয়।
এর আগে খুতবায় তিনি বলেন, একটি মুসলিম দেশে বিচারের নামে প্রহসন করা হয়েছে। কোরবানীর ঈদের দিন যেভাবে একজন মুসলমানকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তা ন্যাক্কারজনক।
এছাড়া দেশের অন্যান্য স্থানেও সাদ্দাম হোসেনের রূহের মাগফেরাত কামনা করে আল্লাহ্র দরবারে মোনাজাত করা হয় বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।
