উত্তর-দক্ষিণাঞ্চলে মৃদূ শৈত্যপ্রবাহ
দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলার ওপর দিয়ে এখন মৃদূ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার নাগাদ তা দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
দপ্তর সোমবার জানায়, নদী অঞ্চলে ঘনকুয়াশা থাকবে আরও কিছুদিন। এ কারণে এসব এলাকায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত ২০০ মিটারের বেশি দূরের বস্তু দেখা সম্ভব হবে না। এ জন্য সব ধরনের নৌযানকে এ সময় সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।
দপ্তর আরও জানায়, রোববার রাত থেকে রাজশাহী, বগুড়া, ঈশ্বরদী ও যশোর অঞ্চলে শুরু হয়েছে মৃদূ শৈত্য প্রাবাহ। মঙ্গলবার নাগাদ তা ছড়িয়ে পড়তে পারে কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল ও খুলনা অঞ্চলে।
তবে খুব শিগগিরই দেশের কোথাও তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা নেই বলে উল্লেখ করে আবহাওয়া দপ্তর জানায়, ঘন কুয়াশার কারণে নদী অঞ্চলে সূর্যের আলো অনেক বেলা করে পৌঁছাবে বলে স্বাভাবিকভাবেই সে সব এলাকায় তীব্র শীত অনুভূত হবে।
সোমবার বিকেলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে (৭ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস)। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে (২৭ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস)।
ঢাকায় সোমবার শীত ছিল হালকা থেকে মাঝারি ধরনের। মঙ্গলবারও ঢাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে আবহাওয়া দপ্তর জানায়।
