প্রথম প্রহরে নেই সেই উচ্ছলতা
রাজধানীতে নববর্ষ বরণ তৎপরতা এবার অন্য বছরের তুলনায় কম। রোববার রাত বারোটার পর প্রথম প্রহরে রাস্তাঘাটে উৎসবমুখর ও উচ্ছল তরুন-তরুনীদের দেখা যায়নি বললেই চলে। কিছু লোককে দেখা গেলেও তারা ফিরছিলেন কোরবানীর গরু কিংবা ছাগল নিয়ে।
কয়েকটি পটকার আওয়াজ পাওয়া গেছে শহরের বিভিন্ন স্থান থেকে। তবে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
নববর্ষ পূর্ব রাতের উৎসবকে ঘিরে যে উচ্ছৃংখলতা দেখা দেয় সেটি মাথায় রেখে কর্তৃপক্ষ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সাড়ে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। সেই সঙ্গে পুলিশ ও র্যাবের বিশেষ টহলও জোরদার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে বহিরাগতদের প্রবেশ ।
ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সাত্তার খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেছেন, গুলশান এলাকায় পুলিশ কমিশনার নিজেই পুলিশের টহলে নেতৃত্ব দিচ্ছেন।
মধ্যরাতে বনানী, গুলশান ও বারিধারা ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর এর আবু সাঈদ খান জানাচ্ছেন,“ রাস্তাঘাট প্রায় ফাকা। কিছু লোককে দেখা যাচ্ছে বটে, তবে তারা বাড়ি ফিরছেন কোরবানীর গরু কিংবা ছাগল নিয়ে।”
তিনি আরও জানাচ্ছেন, “মাঝে মধ্যে দু’একটি পটকার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ দু’একটি আতশবাজি কেউ কেউ ছুড়ে মারছেন আকাশে। এছাড়া বর্ষ বরণের আর কোন চিহ্ন কোথাও নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর এর অপরাধ বিষয়ক সংবাদদাতা কৈলাস সরকার বলছেন, ঈদের আগের রাত হবার কারণে বর্ষ বরণ তৎপরতা অন্যান্য বছরের তুলনায় কম।
