২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে একজনের যাবজ্জীবন ও ৬ জনের পাঁচ বছরের কারাদণ্ড

নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় পঞ্চগড়ে মো. রুহুল আমীন নামে এক যুবককে যাবজ্জীবন এবং অপর একটি চোরাচালান মামলায় ছয়জনকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 10:48 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালত - ২ এর বিচারক মো. হাবিবুর রহমান এক রায়ে রুহুল আমিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার গনাগছ গ্রামের তকিত আলীর ছেলে রুহুল আমিন পার্শ¦বর্তী একটি গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রুহুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় মেয়েটি তেঁতুলিয়া থানায় ২০০৩ সালের ৭ মার্চ রুহুলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

এ ছাড়া পঞ্চগড়ের স্পেশাল ট্রাইব্যুনাল - ৩ এর বিচারক এবিএম নিজামুল হক চোরাচালান ও প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদের প্রত্যেকে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলো সুরুজ আলী, আব্দুল হাকিম, জুলহাস, লাবু মোল্ল¬াহ, বজলুর রহমান ও হুমায়ুন কবির।

এদের মধ্যে লাবু মোল্লাহ, বজলুর রহমান ও হুমায়ুন কবির পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, দেবীগঞ্জ থানা পুলিশ গত বছরের ২৯ এপ্রিল রাতে দেবীগঞ্জ উপজেলা খুটামারা গ্রামে সুরুজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে পিতলের বৌদ্ধ মূর্তি ও জাল ডলারের ২২টি বান্ডিল উদ্ধার করে। প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ভারত থেকে পিতলের বৌদ্ধমূর্তি এনে সোনার মুর্তি হিসেবে বিক্রি এবং জাল ডলারের ব্যবসা করে আসছিল।