২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পাউবো অফিস ঘেরাও, ৮ দফা দাবিতে স্মারকলিপি পেশ

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন চুনা নদীর ভেঙ্গে যাওয়া ভেড়িবাঁধ জরুরী ভিত্তিতে মেরামতের দাবিতে রোববার প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন শ্যামনগর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের দেড় সহস্রাধিক নারী ও পুরুষ এই ঘেরাও কর্মসূচীতে অংশ নেয়। পরে বিক্ষুব্ধ লোকজন শ্যামনগর এসডিইসহ সকল কর্মকর্তার অপসারণসহ আট দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করে।

১৯ সেপ্টেম্বর রাতে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা নদীর পানখালি এলাকায় একটি স্লুইস গেট ধ্বসে পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি বাধ ভেঙ্গে যায়।

ভাঙ্গন পয়েন্ট দিয়ে প্রবল বেগে নদীর পানি ঢুকে গত চারদিনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি, নকিপুর কাশিমাড়ি, আটুলিয়া, ঈশ্বরীপুর ও কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ও মৌতলা ইউনিয়নের প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়।

পানি বন্দি হয়ে পড়ে ২০/২৫ হাজার মানুষ। দুই হাজার পরিবারের কাঁচা ঘরবাড়ি ধসে পড়ে। প্রায় ৪০০ চিংড়ি ঘের ও দুই হাজার একর জমির আমন ফসল নষ্ট হয়ে যায়। স্থানীয় জনতা স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামতের চেষ্টা চালিয়েও ব্যার্থ হয়।

স্থানীয়রা এ ঘটনার জন্য পাউবো কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করেছেন। ভাঙনের প্রতিবাদে ও জরুরী ভিত্তিতে বাঁধটি মেরামতের দাবিতে সাতটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বিক্ষুদ্ধ মানুষ পাউবো শ্যামনগর উপ-বিভাগীয় প্রকৌশলীর (এসডিই) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচী দেয়। সকাল সাড়ে এগারটায় ওই সব ইউনিয়নের দেড় সহস্রাধিক বিক্ষুদ্ধ নারী ও পুরুষ ঝাড়– ও জুতা হাতে নিয়ে এসডিই অফিস ঘেরাও করে। তারা অফিস চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ করে।

নকিপুর ইউপি চেয়ারম্যান জগলুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান গাজী আনিসুর রহমান, আটুলিয়া ইউপি চেযারম্যান জিএম কাদের ও ঈশ্বরীপুর ইউপির চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক প্রমুখ।

সমাবেশ থেকে প্লাবিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা শ্যামনগরের এসডিই শাহাদাত হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ ও অন্যান্য অসাধু কর্মকর্তাদের অপসারণ, অতি দ্রুত ভেড়িবাঁধ মেরামত ও ৫ নং পোল্ডারে স্লুইস গেট নির্মাণ, দুর্গত এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ ও ভেড়িবাঁধের ভিতরে ও বাইরের অবৈধ দখলকারীদের উচ্ছেদ, জরুরী ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণ ও সকল স্লুইস গেট সংস্কারসহ আট দফা দাবি আদায়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, শান্তিপুর্ণভাবে ঘেরাও কর্মসূচী পালিত হয়েছে। জনতার ৮ দফা দাবির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি জানান।

এদিকে প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্থানীয় সাংসদ কাজী নজরুল ইসলামের পক্ষ থেকে ১০ টন চাল, বিএনপি নেতা সৈয়দ ইফতেখার আলীর পক্ষ থেকে ৮০০ কেজি চাল ও সরকারিভাবে ১০০ টন চাল ও ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী ভাঙন পয়েন্ট দিয়ে অব্যাহতভাবে পানি ঢুকে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চারদিনের টানা বৃষ্টি ও নদীর পানিতে প্লাবিত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে।