পাবনায় র্যাবের ‘ক্রসফায়ারে’ চরমপন্থি নিহত
পাবনার আতাইকুলা থানার শ্রীপুর শিমুলচারা প্রাথমিক বিদ্যালয় এলাকায় আজ রোববার ভোরে র্যাবের ‘ক্রসফায়ারে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার এক আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।
তার নাম মোহাম্মদ বাচ্চু শেখ ওরফে বাচ্চু (৩০)। তিনি পাবনার আতাইকুলা থানার শ্রীপুর মণ্ডলপাড়া গ্রামের মোহাম্মদ নুরুল শেখের ছেলে।
র্যাব দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -- ১২ পাবনা ক্যাম্পের একটি বিশেষ দল ভোর ৪টায় শিমুলচারা বিদ্যালয় এলাকায় অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ১৪/১৫ মিনিট গুলি বিনিময় হয়। এসময় বাচ্চু ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
আশংকাজনক অবস্থায় বাচ্চুকে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি রামদা উদ্ধার করে।
র্যাব জানায়, নিহত চরমপন্থির বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি হত্যা এবং ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
