পাবনায় জীবন রক্ষাকারী ওষুধের দাম অস্বাভাবিক বৃদ্ধি
পাবনায় জীবন রক্ষাকারী ওষুধের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা। কিনতে পারছেন না ওষুধ-পত্র। ফলে এই শ্রেনীর রোগীদের জীবন বাঁচানোই দায় হয়ে পড়েছে।
শহরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, গুরুত্বপুর্ণ ও প্রয়োজনীয় অনেক ওষুধের দাম হঠাৎ করে বেড়ে গেছে। ৬ টাকার একটি রিভোট্রিল ট্যাবলেটের দাম এখন ২৪ টাকা। ১৮০ টাকার এক কৌটা লেক্সোটেনিল বিক্রি হচ্ছে ১২০০ টাকায়।
এছাড়া যে সব ওষুধের দাম বেড়েছে সেগুলোর মধ্যে রয়েছে ডিলাট্রেন্ড, ডরমিকম, ডিয়েনটি, ফ্লোনক্সল, ক্লোফিক্সল, কেভিনটন, বেটালক, লোপিডাল প্লাস, নোফিয়েট, নেপ্রোডিন, জোরিরেক্স, আডালট প্রভৃতি।
আকাশচুম্বি দাম, তার ওপর আবার মাঝে -- মধ্যে পাওয়া যায় না। অথচ ওষুধগুলো একজন রোগীকে নিয়মিত খেতে হয়, একদিনও বাদ দেওয়ার উপায় নেই। এভাবে প্রয়োজনীয় ওষুধের দাম ৫/৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে মধ্যবিত্ত।
পাবনার কালাচাঁদপাড়া এলাকার মাহবুবা, নিমতলার অনামিকা জামান, পৈলানপুর এলাকার আকবরী বেগম ও গোপালপুরের আমেনা খাতুন বিডিনিউজকে জানান, হরমনজনিত কারণে তাদের নিয়মিত ‘ওরাক্সিকন’ ট্যাবলেট খেতে হয়। কিন্তু ঐ ওষুধের দাম কয়েক গুন বেড়ে যাওয়ায় তা কিনতে এখন তাদের অশুবিধা হচ্ছে।
মাত্র ক’দিন আগেও এক কৌটা ওরাক্সিনের দাম ছিল ২৪০ টাকা। এখন তা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ১৮০০ টাকায়।
পাবনা জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ এফএম হুমায়ুন কবির খোকন বিডিনিউজকে জানান, সরবরাহ না থাকায় এসব ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে।
পাবনার ওষুধ তত্ত্বাবধায়ক টমাস বিশ্বাস বিডিনিউজকে জানান, দাম বাড়ানো ও সরবরাহের বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে।
এ ব্যাপারে গুরুত্ব দেয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরকে বলা হবে বলে পাবনার সিভিল সার্জন ডা. হারুন অর রশিদ বিডিনিউজকে জানান।
