ছিনতাই করা বাসসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৯ ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সোমবার ভোরে ঢাকা--সিলেট মহাসড়কের ইসলামপুর থেকে ছিনতাই করা একটি যাত্রীবাহী বাসসহ নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সিলেট থেকে রোববার রাতে ঢাকা যওয়ার সময় একটি বাস (নং-ঢাকা মেট্রো জ-১১-০০৯০) হবিগঞ্জের বাহুবলে পৌঁছালে সশস্ত্র ডাকাতরা জোর করে উঠে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ সব মালামাল ছিনিয়ে নেয়। এরপর যাত্রীদের রাস্তায় নামিয়ে দিয়ে বাসটি নিয়ে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এ কে এম মাসুদুল আলম সদর থানার ইসলামপুর ফাঁড়ির পুলিশসহ ধাওয়া করে সুলতানপুরের পঞ্চবটিতে বাসটি আটক ও নয় ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো সুমন (২৫), সুজন (২২), ফাতেমা বেগম (১৮), বন্যা (১৮), জাকির (১৯), আলাউদ্দিন (২৫), সুমন কাজী (২২), জয়নাল আবেদীন (২৪) ও ডালিম (২৪)।
তবে গ্রেপ্তারকৃতরা নিজেদের বাসের যাত্রী এবং একই পরিবারের সদস্য বলে দাবি করেছে। তাদের বাহুবল থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে বাহুবল থানায় একটি মামলা হয়েছে।
