হাইকোর্টে দিনাজপুর - ৩ ও কুমিল্লা - ৮ আসনের উপ - নির্বাচন স্থগিত
হাইকোর্ট রোববার দিনাজপুর - ৩ ও কুমিল্লা - ৮ আসনের উপ-নির্বাচন স্থগিত করেছেন।গত ২৬ জুলাই নির্বাচন কমিশন উভয় শূণ্য আসনের উপনির্বাচনের তারিখ ৭ সেপ্টেম্বর নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল।
নাসিরউদ্দিন আহমেদসহ ১০জন রোববার কুমিল্লা - ৮ আসনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে পৃথক দুটি রিট আবেদন দায়ের করেন।
পাশাপাশি একই দিনে দিনাজপুর-৩ আসনের নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট খালেকুজ্জামানসহ পাঁচজন নাগরিক রিট আবেদন দায়ের করেন।
আবেদনকারীদের বক্তব্য, এ সরকারের মেয়াদ রয়েছে মাত্র ৬৮ দিন। তফসিল অনুযায়ী নির্বাচন হলে নির্বাচিত সংসদ সদস্যরা মাত্র একমাস ৫ দিন দায়িত্ব পালনের সময় পাবেন। অথচ এর কারণে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হবে। আর সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভোটার তালিকার হালনাগাদ কাজও এখনও শেষ হয়নি।
বিচারপতি সৈয়দ দস্তগীর ও বিচারপতি মামনুন রহমান এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে নির্বাচন কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে নির্বাচনী তফসিলকে অবৈধ ঘোষণা না করার কারণ জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ আবেদনে প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বাদী করা হয়েছে।
বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট কামরুজ্জামান, ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন ও অ্যাডভোকেট আরাফাত আমিন।
গত ২৫ জুলাই কর্ণেল আকবর হোসেনের মৃত্যুতে কুমিল্লা - ৮ আসনটি শূণ্য হয়। অন্যদিকে ২৪ জুন খুরশীদ জাহান হকের মৃত্যুতে দিনাজপুর - ৩ আসনটি শূণ্য হয়।
