আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে বলেছে এশীয় উন্নয়ন ব্যাংক
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সোমবার সরকারকে তেলের মূল্যে আরও একধাপ সমন্বয়ের কথা বলেছে। জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে সরকারের দেওয়া ভর্তুকির পরিমাণ কমিয়ে আনতে তেলের মূল্যে এ সমন্বয় আনা প্রয়োজন বলে এডিবি জানায়।
এডিবি ঢাকা কার্যালয়ে সোমবার এডিবির ‘২০০৬ সালের জুনের ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন’ প্রকাশ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়।
২০০৬ সালের জুনে জ্বালানি মূল্যের সর্বশেষ সমন্বয় আনার পরও ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ বেশি রয়ে গেছে। ভর্তুকির মোট পরিমাণ ৮১০ মার্কিন ডলার, যা জিডিপি’র ১ দশমিক ৩ শতাংশ।
সাংবাদিক সম্মেলনে এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া ডু এবং প্রধান অর্থনীতিবিদ রেজাউল করিম খান উপস্থিত ছিলেন।
এডিবি বলেছে, জ্বালানি মূল্যের ক্ষেত্রে উপযোগী নীতি অবলম্বনের মাধ্যমে অবকাঠামো উন্নয়নে সরকারি সম্পদ যোগান দেওয়া যাবে এবং সমাজের দরিদ্র্য জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা বলয় আরও জোরদার হবে।
এডিবির প্রতিবেদনে ২০০৬ - ০৭ বছরের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে ধারণা করা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির এ পরিমাণ ২০০৫ Ñ ০৬ অর্থবছরের ছিল ৬ শতাংশ। কৃষি খাতের সাফল্য এবং ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতের ক্রমবিকাশের ফলে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এডিবি’র প্রতিবেদনে জ্বালানি তেলের উচ্চমূল্য, তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ধরে রাখার সক্ষমতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিশেষ করে বিদুৎ ঘাটতি, সর্বোপরি আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতাকে মধ্যমেয়াদী ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে।
‘২০০৬ সালের জুনের ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন’য়ে আরও বলা হয়, এ বছরের মে মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। যা গতবছরের মে মাসে ছিল ৬ দশমিক ৬ শতাংশ।
