২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন অব্যাহত: ধর্মধটের ১৭তম দিনেও কোনও অগ্রগতি নেই

দশ শতাংশ বর্ধিত বেতনভাতা ও শিক্ষক-কর্মচারিদের অন্যান্য দাবি আদায়ে বেসরকারি শিক্ষকদের ধর্মঘটের ১৭তম দিনেও সরকার তাদের সাথে আলোচনার জন্য যোগাযোগ করেনি। ফলে আন্দোলনের ফলাফলসহ অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষার্থীদের ভাগ্যও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সোমবার জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট শহীদ মিনারে এক মহাসমাবেশের আয়োজন করে। মহাসমাবেশে ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ জাতীয় স্বার্থে, শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিত করার জন্যে সরকারের প্রতি তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনের শুরুর দিকে প্রধানমন্ত্রী সাত দিনের মধ্যে এ বিষয়ে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে এ নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন করে বলেন, তাহলে কি সরকার এ বিষয়টি নিষ্পন্ন করতে চায় না?                

মহাসমাবেশের প্রথম দিনে সমগ্র দেশ থেকে হাজার হাজার শিক্ষক ৮ দফা দাবি আদায়ে শহীদ মিনারে সমবেত হন।

মহাসমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ৫ লাখ বেসরকারি শিক্ষক--কর্মচারী শুধু তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করছেন না বরং এ আন্দোলন একটি আধুনিক জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন।

তারা বলেন, বৃহত্তর ও কঠিন আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

এ সময় তাদের সাথে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো.আখতারুজ্জামান এবং সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ শিক্ষক পরিষদের নেতা অধ্যক্ষ আউয়াল সিদ্দিকী। তারা শিক্ষক-কর্মচারীদের এ আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন। ফ্রন্ট নেতৃবৃন্দ এ আন্দোলনকে স্বাগত জানিয়ে বলেন, এই ঘোষণা যেন শুধু মুখের ঘোষণায় সীমাবদ্ধ না থাকে। আমরা একে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সারা দেশে ইউ এন ও অফিসের সামনে শিক্ষক-কর্মচারীরা ১ ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা। 

মাদ্রাসা শিক্ষক সমিতির (দেলোয়ার হোসেন সাঈদী) মহাসচিব জয়নাল আবেদিন জানান, সোমবার আলোচনায় বসার কথা থাকলেও মন্ত্রনালয় থেকে এ ব্যাপারে যোগাযোগ করা হয়নি।