২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের স্বল্পচাপ সংকট কাটছে

চলতি মাসের মাঝামাঝি থেকে বন্দর নগরী চট্টগ্রাম ছাড়া দেশের আর কোথাও গ্যাস সরবরাহে স্বল্পচাপ সমস্যা থাকবে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাভার, টঙ্গি ও গাজীপুর শিল্পাঞ্চল এবং ঘোড়াশাল বিদ্যুৎ ও সার কারখানায় গ্যাস সরবরাহ সংকট পুরোপুরি মিটে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তারা বলেন, রাজধানী ঢাকা এবং এর আশেপাশে গ্যাস সরবরাহ সুবিধা বাড়ানোর লক্ষ্যে দুটি পাইপলাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৩০ ইঞ্চি ব্যাসের ৩৭ কিলোমিটার দীর্ঘ আশুগঞ্জ - মনোহরদি পাইপলাইনে রোববার (জুলাই ৯) দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু হবে।

অন্যদিকে সাভার এবং আমিনবাজার এলাকায় গ্যাস চাপ সংকট মোকাবেলার জন্য ধনুয়া থেকে আমিনবাজার পর্যন্ত ২০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার পাইপলাইনের নির্মাণ কাজও শেষ হয়েছে। তবে আশুলিয়া - আমিনবাজার অংশে কিছু কাজ বাকি থাকার কারণে এর ধনুয়া - আশুলিয়া অংশে ১৬ জুলাই থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সূত্রে জানা গেছে।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা বলেন, বর্তমানে দেশের মোট গ্যাস উৎপাদন ক্ষমতা প্রতিদিন ১৬০০ মিলিয়ন ঘনফুটের (এমএমসিএফডি) বেশি হলেও সঞ্চালন সংকটের কারণে ঘোড়াশাল এবং রাজধানীর আশে পাশে গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা ছিলো। এ কারণে বিশেষ করে শিল্প মালিকরা ভোগান্তির শিকার হচ্ছিলেন।

তিনি বলেন, আশুগঞ্জ - মনোহরদি লাইন চালু হওয়ার পর মনোহরদি - নরসিংদী - সিদ্ধিরঞ্জ পাইপ লাইনে ২০০ এমএমসিএফডি গ্যাস নতুন লাইন থেকে সরবরাহ দেয়া হবে। ফলে আগের লাইনের উপর চাপ কমে যাওয়ার কারণে ঘোড়াশাল এবং ঢাকার আশে পাশে যে চাপের সংকট হতো তা আর হবে না।

অন্যদিকে ধনুয়া হতে নতুন পাইপলাইনে গ্যাস সরবরাহ দেওয়ার কারণে জয়দেবপুরের প্রেসার সমস্যা কাটবে। এতে করে টঙ্গি শিল্প এলাকায় এবং টঙ্গি পিকিং প্লান্টে গ্যাস সরবরাহে আর সংকট থাকবে না।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, এটা বর্তমান সরকারের জ্বালানি খাতের একটি বড় সাফল্য। আমরা কেবল গ্যাস উৎপাদন বাড়াতেই সক্ষম হয়েছি তা নয়; সঞ্চালন নেটওয়ার্ককে এমন পর্যায়ে আনতে পেরেছি যে আগামী পাঁচ বছর আর কোনো চিন্তা থাকবে না।

তবে চট্টগ্রামে সংকট কাটতে আরো দু’ মাস অপেক্ষা করতে হবে বলে কর্মকর্তারা জানান। তারা বলেন, বাখরাবাদ গ্যাস ফিল্ডে কমপ্রেসার বসানোর আগে পর্যন্ত দেশের মধ্যভাগ থেকে চট্টগ্রামে বাড়তি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাসে কমপ্রেসার স্থাপন কাজ শেষ হবে।

মাহমুদুর রহমান বলেন, নতুন কমপ্রেসার স্থাপন এবং নতুন পাইপলাইনের কাজ শেষ হলে সারা দেশে গ্যাস পৌঁছে যাবে।