২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা অচল

বিরোধী ১৪ দল আহুত ছয় ঘন্টার রাজপথ, রেলপথ ও নৌ পথ অবরোধ কর্মসূচি চলাকালে রোববার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা একবারেই অচল হয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

কর্মসূচি চলাকালে পুলিশ ও বিরোধী কর্মীদের মধ্যে সংঘর্ষে নারায়ণগঞ্জে এক পুলিশ সদস্য ও রাজধানীর মহাখালীতে একজন বিরোধী কর্মী নিহত হয়। আন্ত:জেলা সড়ক যোগাযোগ বন্ধ ছিলো।

বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে সকাল ১০টার দিকে একটি মিছিল থেকে পুলিশের একটি গাড়িতে হামলা চালানো হয়। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে মোজাম্মেল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে।

ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে বৈশাকান্দা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়। এসময় সেখানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও আবু আহমেদ নাসিম (পাভেল) উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকায় আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার প্রতিবাদে অবরোধ শেষে স্থানীয় আওয়ামী লীগ একটি সমাবেশ করে।

বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, কর্মসূচি চলাকালে জেলা শহর সম্পূর্ণ অচল ছিল। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাগুফতা ইয়াসমিন এমিলির নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী তালতলা লঞ্চ টার্মিনাল ও সিরাজদিখান ঘাটের প্রবেশ মুখে টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করে। এসময় নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এছাড়া, কয়েকশ কর্মী সকাল ১১টার দিকে মাওয়া পয়েন্টে অবরোধ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়।

পিকেটাররা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া রোডে অবস্থান নিলে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিরোধী কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।  

ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো পয়েন্টে সাংসদ রাজিউদ্দিন রাজু ও তার সমর্থকরা যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধ কর্মীরা পুলিশ সদস্যদের নুরুল ইসলাম বেপারি মার্কেটের ভিতর আটকে ফেলে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এসে তাদের মুক্ত করেন।

সূত্র জানায়, জেলার সবুরের ঘাট এলাকায় বিএনপি কর্মীদের সাথে অবরোধকারীদের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি টেম্পো, পিকআপ ভ্যান ও প্রাইভেট কার ভাংচুর হয়। বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, জেলায় শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। তবে কর্মসূচি চলাকালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর-খুলনা ও ফরিদপুর-ঢাকা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

শেরপুরের নবীনগর ক্রসিংয়ে অবরোধকারীরা অবস্থান নিয়ে দূরপাল্লার ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেয়। 

বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, কর্মসূচি চলাকালে গোটা জেলায় যান ও নৌ চলাচল বন্ধ ছিল। অবরোধকারীরা রেল চলাচলেও বাধা দেয়। রাজবাড়ী থেকে পোড়াদহগামী ৫০৬ ডাউন ট্রেনটি বেলগাছি রেল স্টেশনে আধ ঘন্টার জন্যে আটকে ছিল।

পিকেটাররা হোসপাইপ তুলে ফেললে গোয়ালন্দ থেকে খুলনাগামী একটি ট্রেন ২৫ মিনিট আটকে থাকে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপে সাবেক সাংসদ আব্দুল লতিফ মির্জাসহ কমপক্ষে ৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এসময় পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আহতদের সলঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বরিশালে অবরোধ কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিলে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ১৫ জনকে বেধড়ক মারধর করে। নগরীর কালিজিরা এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে।

চাঁদপুরে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বলে বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন।

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু সেতুর কাছে এলেঙ্গা পয়েন্টে অবরোধ সৃষ্টি করে। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনো যানবাহন চলাচল করেনি।

এদিকে মির্জাপুরের সাংসদ একাব্বর হোসেন মির্জাপুর রেল স্টেশনে অবরোধ সৃষ্টি করেন।

কিশোরগঞ্জে অবরোধ চলাকালে বিএনপি কর্মীদের সাথে বিরোধী কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়। এসময় বেশ কিছু যানবাহন ভাংচুর হয়।