'বিডিআর চোরাকারবারিদের সুরক্ষা দেয়'-- ভারতের এমন অভিযোগ সরকারের প্রত্যাখ্যান
‘সীমান্তে গরু চোরাকারবারিদের বাংলাদেশ রাইফেলস (বিডিআর)--এর সদস্যরা সুরক্ষা দেয়’-- ভারতের এমন অভিযোগ বৃহস্পতিবার বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ অভিযোগকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেন।
মুখপাত্র জানান, ২০০৫ সালের নভেম্বর থেকে মে ২০০৬ পর্যন্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে কমপক্ষে ৫২ জন নিরীহ বাংলাদেশী নিহত হয়েছে।
বাংলাদেশের অবস্থান ভারতকে জানানো হয়েছে কি--না, এমন প্রশ্নের জবাবে ওই মুখপাত্র জানান, তারা বিষয়টি নিয়ে ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করছেন।
ভারত বুধবার তার এক বিবৃতিতে জোর দিয়ে বলে, সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করতে বিডিআরকে আরও সংযত এবং পেশাদারি ভূমিকা পালন করতে হবে।
